
তরুণ শিক্ষার্থীদের জন্য মুঠোফোনের অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরির আয়োজন ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৬-এর প্রচারণা ও সেমিনার পর্ব চলছে দেশজুড়ে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং পরশু সোমবার কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রচারণা কার্যক্রম ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কাল দুপুরে ইউএপির ফার্মগেট প্রাঙ্গণে মোবাইল অ্যাপ-বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচিব শ্যাম সুন্দর সিকদার। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের প্রতিযোগিতা অবদান রাখবে। একটি উদ্ভাবনী ধারণা সমাজকে পরিবর্তন করতে পারে।
প্রতিযোগিতার আয়োজক এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ইএটিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, ‘প্রয়োজনীয় নানা কাজের জন্য অ্যাপ তৈরি করা যায়। দারুণ কোনো ধারণার অ্যাপ চমকে দিতে পারে গোটা বিশ্বকেই।’ ইউএপির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান বিলকিস জামাল ফেরদৌসী সেমিনারে বক্তব্য দেন।
সেমিনারে ধারণাপর্ব থেকে শুরু করে একটি পূর্ণাঙ্গ অ্যাপ কীভাবে বানাতে হয়, সে ব্যাপারে বক্তারা বিভিন্ন পরামর্শ দেন শিক্ষার্থীদের। সেমিনারের শেষে ছিল কুইজ প্রতিযোগিতা।
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে সেমিনার: সোমবার কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুস সাত্তার এতে প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশের তরুণ-তরুণীরা অ্যাপ তৈরি করে সাফল্য দেখাবে। এ জন্য চর্চা করতে হবে।
সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক সালেহ আবু জহর এবং ইএটিএলের ব্যবস্থাপক দিপু রিচার্ড পালমা।
ইএটিএল এবং প্রথম আলোর আয়োজনে তরুণদের জন্য চতুর্থবারের মতো শুরু হয়েছে এ প্রতিযোগিতা। প্রতিযোগীদের বানাতে হবে অ্যান্ড্রয়েড, আইওএস কিংবা উইন্ডোজ মুঠোফোনের জন্য অ্যাপ। www.eatlapss.com ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিযোগিতার জন্য অ্যাপের ধারণা দেওয়া যাবে।
নিজস্ব প্রতিবেদক ও কুমিল্লা অফিস