এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনের প্রযুক্তি মেলা ‘কার্নিভাল ২০১১’। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আর কবির এর উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগ এর আয়োজক। এই প্রযুক্তি উৎসবে কম্পিউটার ও তড়িৎকৌশল বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকল্প প্রদর্শন করছে। হোম অটোমেশন সার্ভিস, প্রতিবন্ধীদের জন্য সহজে প্রযুক্তির ব্যবহার, রোবটসহ বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার-কেন্দ্রিক প্রকল্প প্রদর্শনের ব্যবস্থা ছিল। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রভাষক কাজী শামসুল আরেফীন প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার অনুশীলন বৃদ্ধির জন্য এই আয়োজন অনেক ইতিবাচক ভূমিকা রাখবে।’আজ এই প্রযুক্তি উৎসবের শেষ দিনে কুইজ, গেম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক মুক্ত সফটওয়্যার-বিষয়ক সেমিনারের আয়োজন করেছে। গতকাল প্রোগ্রামিং প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়। এতে সিনিয়র বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে সঞ্জয় কুমার মিত্র, সুলতান আহমেদ খান, খন্দকার তফিকুল ইসলাম এবং জুনিয়র বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আবদুল আজিজ, ধীমান রায়, রউফুল আলম মজুমদার। —নিজস্ব প্রতিবেদক