এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে শেষ হলো প্রযুক্তি উৎসব
তথ্যপ্রযুক্তি খাতে বিপ্লব ঘটানোর আশা এবং প্রত্যয় নিয়ে রাজধানীতে হয়ে গেল এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দুই দিনব্যাপী ‘সিএসই কার্নিভাল-২০১০’। উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এম আর কবির। আয়োজনে প্রথম দিন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় আন্তবিভাগ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। দুটি পৃথক গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে হামিম আল মাহাদী, শংকর ভাওয়াল এবং সাজেদুর রহমান। সিনিয়র গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় সঞ্জয় কুমার মিত্র, মুকিত উল ইসলাম এবং তৌফিকুল ইসলাম। এর পাশাপাশি চলে সময়োপযোগী নতুন উদ্ভাবিত হার্ডওয়্যার ও সফট্ওয়্যারের প্রদর্শনী। হার্ডওয়্যার বিভাগে প্রথম হয় মুহম্মদ ইউসুফ আলী এর ট্রেইনার বোর্ড, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে মনজুর-উল-মামুনের-আই.সি টেস্টার, সুব্রত কর্মকারের পিসি কন্ট্রোলড বুলড্রোজার এবং সফট্ওয়্যার প্রকল্পে প্রথম হয় আশরাফুল আবেদীনের ‘আজ সিএমএস’ যৌথভাবে দ্বিতীয় হয় আতিকুর রহমানের মোবাইল টিকিটিং পদ্ধতি ও মুহাম্মদ জাকীরের ‘আর্ট-সিএমএস’ এবং যৌথভাবে তৃতীয় সামাজিক যোগাযোগ ও কনভে লাইফ। উৎসবের দ্বিতীয় দিনে আন্তবিভাগ কম্পিউটার গেমিং প্রতিযোগিতা ও তথ্যপ্রযুক্তি আইসিটিবিষয়ক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে উৎসব শেষ হয়। —নিজস্ব প্রতিবেদক