এশিয়ার শীর্ষ১০০তে সামহোয়্যার ইন নেট
রেড হেরিং এশিয়া শীর্ষ ১০০ তালিকায় স্থান পাওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সামহোয়্যার ইন নেট। যেসব প্রতিষ্ঠান উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তির মাধ্যমে নিজ নিজ শিল্পে উজ্জ্বল ভূমিকা রেখেছে, তাদের মধ্য থেকে সেরাদের নিয়ে একটি তালিকা তৈরি করে রেড হেরিং মিডিয়া কোম্পানি। ১৬ নভেম্বর চীনের সাংহাই শহরে রেড হেরিং তার ‘টপ ১০০ এশিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা করে। একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে সামহোয়্যার ইন নেট এই তালিকায় স্থান করে নেয়। গতকাল সোমবার ঢাকায় সামহোয়্যার ইন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে এ পুরস্কার প্রাপ্তির ব্যাপারে বিস্তারিত জানান, সামহোয়্যার ইনের ব্যবস্থাপনা পরিচালক আরিল্ড ক্লোক্কেরহৌগ ও পরিচালক সৈয়দা গুলশান ফেরদৌস। বক্তারা জানান, রেড হেরিং গত বছর থেকে বিশ্বব্যাপী এই পুরস্কার প্রদান করছে। প্রতিষ্ঠানটি এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার তালিকা প্রদান করে থাকে। তারপর সেখান থেকে নির্ধারণ করে সারা বিশ্বের ১০০টি সেরা প্রতিষ্ঠান, যা রেড হেরিং গ্লোবাল নামে পরিচিত।এই অর্জন উপলক্ষে রেড হেরিংয়ের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এলেক্স ভিয়েক্স সামহোয়্যার ইন নেটকে অভিনন্দন জানিয়ে বলেন, অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্য থেকে সবচেয়ে সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোকে খুঁজে বের করা মোটেও সহজ নয়। কঠোর পরীক্ষণ ও গভীর বিবেচনার মাধ্যমে সমগ্র এশিয়ায় নানা ক্ষেত্রের শত শত প্রার্থীর মধ্য থেকে সেরা ১০০ তালিকা প্রস্তুত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, সামহোয়্যার ইন নেট প্রতিষ্ঠানটির রয়েছে দৃঢ় স্বপ্ন, চালিকা ও উদ্ভাবনী শক্তি, যা প্রতিষ্ঠানটিকে সফল করে তুলেছে। সামহোয়্যার ইন নেটের এই অর্জনে গর্বিত হওয়া উচিত। কেননা, খুব কঠিন প্রতিযোগিতা অতিক্রম করেই তারা বিজয়ী হয়েছে।সামহোয়্যার ইন নেট ইন্টারনেটে বাংলা ভাষায় সামাজিক যোগাযোগ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট www.somewhereinblog.net। এ ছাড়া আছে স্থানিক যোগাযোগভিত্তিক কমিউনিটি www.aawaj.com। প্রায় আশি হাজার ইন্টারনেট ব্যবহারকারী ওয়েবসাইট দুটির সঙ্গে যুক্ত। —সুব্রত দেবনাথ