এশিয়ায় কম্পিউটারের বিক্রি বেড়েছে ৩৮ শতাংশ
জাপান ছাড়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের তুলনায় পার্সোনাল কম্পিউটারের বিক্রি বেড়েছে ৩৮ শতাংশ। ল্যাপটপ কম্পিউটারের প্রতি ঝোঁক ও পেশাগত কাজে কম্পিউটারের ব্যবহার বাড়ায় পিসির বাজার এই গতি পেয়েছে বলে সম্প্রতি বিবৃতি দিয়েছে বাজার তথ্য গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি)। কম্পিউটার বিক্রির এই ধারা তথ্যপ্রযুক্তি বাজারে অর্থনৈতিক আস্থা আরও জোরালো করবে বলে জানান আইডিসির গবেষক ব্রায়ান ম্যা। এ বছর এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।এশীয় উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এশিয়ার উন্নয়ন অর্থনীতির প্রবৃদ্ধি এবছর ৭ দশমিক ৫ শতাংশ হতে পারে, গত বছর যা ছিল ৫ দশমিক ২ শতাংশ, যদিও ২০১১ সালে তা কিছুটা কমে ৭ দশমিক ৩-এ নামতে পারে।আইডিসি জানায়, কয়েক বছর ধরেই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার প্রায় প্রতিটি দেশেই তথ্যপ্রযুক্তির বাজারের প্রবৃদ্ধি দুই দশক পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ল্যাপটপ কম্পিউটার। এ এলাকায় সবচেয়ে বেশি ল্যাপটপ সরবরাহ করছে চীনা কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। লেনোভোর বাজার অংশীদার ১৯ শতাংশ। লেনোভোর পর আছে এইচপি (১৪ দশমিক ২ শতাংশ), ডেল (৯ দশমিক ৯) ও এসার (৯ দশমিক ৬ শতাংশ)। —এএফপি অবলম্বনে জাবেদ সুলতান