এশিয়ায় ব্যবসা বাড়াবে ডেল
কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল এশিয়া অঞ্চলে ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা করেছে। উইন্ডোজ ৮ নির্ভর কম্পিউটার, ট্যাবলেট তৈরিতে ব্যাপক বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে ডেল কম্পিউটারের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট অমিত মিধা এ তথ্য জানিয়েছেন।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন ও ট্যাবলেটের জনপ্রিয়তার কারণে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার বিক্রি কমে গেছে। ২০১২ সালে বিশ্বের অন্যতম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অনেকেই কম্পিউটার নির্মাণ ব্যবসা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এ তালিকায় রয়েছে ডেল।ডেলের কর্মকর্তা অমিত মিধা জানিয়েছেন, ২০১২ সালে কম্পিউটার বিক্রি কমে গেলেও এ বছরে আবার কম্পিউটার বিক্রি বেড়ে যাবে। বিশেষ করে এশিয়া অঞ্চলে কম্পিউটারের বাজার আরও বাড়বে বলে জানান তিনি। এশিয়ার অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জনের ফলে এ অঞ্চলে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করেছে ডেল।