এশিয়ায় ‘আইপ্যাড মিনি’ বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার বাজারে গতকাল শুক্রবার থেকে বিক্রি শুরু হয়েছে অ্যাপলের তৈরি ‘আইপ্যাড মিনি’। এশিয়ার বেশ কয়েকটি শহরের অ্যাপল স্টোরগুলোতে অ্যাপল ভক্তরা আইপ্যাড মিনি হাতে পেতে সারি বেঁধে আগেভাগেই দাঁড়িয়েছিলেন। তবে ‘মিনি’ আইপ্যাডের ক্রেতাদের সারি হয়েছে ‘মিনি’ বা ছোট আকারের। অর্থাত্, ক্রেতাদের খুব বেশি আকর্ষণ করতে পারেনি অ্যাপলের ৭.৯ ইঞ্চি মাপের আইপ্যাড মিনি। খবর রয়টার্সের।বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, আইফোন ৫ বিক্রির সময় ক্রেতাদের যে আগ্রহ দেখা গিয়েছিল আইপ্যাড মিনির ক্ষেত্রে তা অনেক কম। সিডনির অ্যাপল স্টোরের সামনে মাত্র ৫০ জন ক্রেতাকে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে দেখা গেছে। টোকিও ও সিউলে অ্যাপল স্টোরের সামনে ১০০ জন ক্রেতা দাঁড়িয়েছিলেন আইপ্যাড মিনি কিনতে। রয়টার্স জানিয়েছে, নতুন আইপ্যাড মিনি কিনতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা না গেলেও প্রযুক্তি বিশ্লেষকেদের কাছ থেকে ইতিবাচক রিভিউ পেয়েছে আইপ্যাড মিনি।বাজারে আমাজন কিন্ডল ফায়ার, গুগল নেক্সাস ৭, স্যামসাং গ্যালাক্সি ও উইন্ডোজ ৮ ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই ৭.৯ ইঞ্চি মাপের ছোটো সংস্করণ ‘আইপ্যাড মিনি’ বাজারে এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। ২৩ অক্টোবর বিশেষ এক অনুষ্ঠানে আইপ্যাড মিনি বাজারে আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। আইপ্যাড মিনিতে রয়েছে ডুয়াল-কোর এ৫ প্রসেসর, ফেসটাইম এইচডি ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল আইসাইট ক্যামেরা। আইওএস ৬ চালিত আইপ্যাড মিনিতে ৮ পিন ডক কানেক্টর, ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা থাকছে।১৬ গিগাবাইট ওয়াইফাই মডেলের দাম হবে ৩২৯ মার্কিন ডলার এবং আর ফোরজি প্রযুক্তি ভিত্তিক মডেলের মূল্য ৪৫৯ মার্কিন ডলার। ৬৪ গিগাবাইট মডেলের মূল্য ৬৫৯ মার্কিন ডলার। প্রসঙ্গত, অক্টোবরের ২৬ তারিখ থেকে আইপ্যাড মিনির প্রি-বুকিং শুরু হয়েছিল।