এশীয় শিশুরাই বেশি সফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশীয় শিশুরাই বেশি সফল
এশীয় শিশুরাই বেশি সফল

এশীয় বংশোদ্ভূত মার্কিন শিশুরা বিদ্যালয়ের পড়াশোনায় শ্বেতাঙ্গ মার্কিন সহপাঠীদের চেয়ে ফলাফল ভালো করে। কারণ, তারা তুলনামূলক বেশি পরিশ্রমী। যুক্তরাষ্ট্রের একদল গবেষক গত সোমবার এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স কলেজ ও মিশিগান ইউনিভার্সিটি এবং চীনের বেইজিংয়ের পিকিং ইউনিভার্সিটির ওই গবেষকেরা যুক্তরাষ্ট্রে বিদ্যালয়গামী শিক্ষার্থীদের ওপর একটি গবেষণা চালান। এ-সংক্রান্ত একটি নিবন্ধ প্রসিডিংস অব ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা দুটি সমীক্ষার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেন। যুক্তরাষ্ট্রের কিন্ডারগার্টেন পর্যায় থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের (এশীয় বংশোদ্ভূত এবং স্থানীয় শ্বেতাঙ্গ মার্কিন উভয় ধরনের শিশু) ব্যাপারে এসব তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছিল। গবেষকেরা ওই শিক্ষার্থীদের অর্জিত গ্রেড, পরীক্ষায় প্রাপ্ত নম্বর, শিক্ষকদের মূল্যায়ন, পরিবারের আয়, শিক্ষার পর্যায়, নাগরিকত্বের অবস্থা এবং আরও নানা আনুষঙ্গিক তথ্য পর্যালোচনা করেন।
গবেষকেরা বলেন, শিক্ষাজীবনের শুরুতে এশীয় বংশোদ্ভূত শিশুদের সঙ্গে শ্বেতাঙ্গ মার্কিন শিশুদের উল্লেখযোগ্য কোনো পার্থক্য থাকে না। একেকটি শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ব্যবধান স্পষ্ট হতে থাকে। পঞ্চম শ্রেণী পড়ুয়া বা ১০ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে এশীয় ও মার্কিন বংশোদ্ভূত বিবেচনায় পার্থক্য দেখা যায়। আর সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায় মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বা ১৫-১৬ বছর বয়সীদের মধ্যে। বোধশক্তির পার্থক্য নয়, বরং পড়াশোনার জন্য নিষ্ঠা, প্রচেষ্টা ও অধ্যবসায়ই এশীয় শিশুদের তুলনামূলক এগিয়ে রাখে। আর তাদের মা-বাবারাও ভালো ফলাফল অর্জনের জন্য শ্বেতাঙ্গ অভিভাবকদের তুলনায় বেশি উৎসাহিত করেন। এএফপি।