এশীয় সাইবার গেমসে বাংলাদেশের পদক জয়
প্রথমবারের মতো এশীয় সাইবার গেমস প্রতিযোগিতায় পদক পেয়েছে বাংলাদেশ। বিশ্ব সাইবার গেমস (ডব্লিউসিজি) কর্তৃপক্ষ আয়োজিত কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের এটাই প্রথম পদক জয়। গতকাল রোববার সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশীয় সাইবার গেমসে ফিফা ১০ খেলায় চীনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন বাংলাদেশের আরাফাত জানি। ফিফায় আরাফাত এর আগে হারিয়েছেন অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডের প্রতিযোগীদের। তিনি সিঙ্গাপুরের কাছে হেরে যান। সিঙ্গাপুরের প্রতিযোগীর সঙ্গে ফিফার একটি ম্যাচে ১-২ গোলে হারেন আরাফাত জানি এবং অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করেন। গত শুক্রবার সিঙ্গাপুরে শুরু হয় তিন দিনের এশীয় সাইবার গেমস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। এবার বাংলাদেশের পাঁচজন খোলোয়াড় তিনটি গেমে অংশ নেন। তবে ফিফা ছাড়া অন্য দুটি গেমে সাফল্য আসেনি। দলগত গেম ডটায় সিঙ্গাপুর ও নিউজিল্যান্ডের কাছে হেরে প্রথম পর্বেই বাদ পড়ে বাংলাদেশ। আর ফর্জা ৩ এক্সবক্সের খেলোয়াড় আশিকুর রহমান কোরিয়া ও থাইল্যান্ডকে হারালেও কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার প্রতিযোগীর কাছে হেরে যান। বাংলাদেশ সাইবার গেমস দলের দলনেতা ও ডব্লিউসিজির বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইরফান হুসেন প্রথম আলোকে ই-মেইলে জানান, এশীয় সাইবার গেমসে এই পদকপ্রাপ্তি বিশ্ব সাইবার গেমসের জগতে বাংলাদেশকে নতুন করে চেনাবে। এতে দেশের গেমাররা (গেম খেলোয়াড়) অনুপ্রেরণা পাবেন। এবারের এশীয় সাইবার গেমসে ১৪টি দেশ অংশ নিয়েছে। বাংলাদেশ দল আজ ঢাকা ফিরে আসছে। —নিজস্ব প্রতিবেদক