সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লেখক: মো. মিজানুর রহমান দাম: ৩৪০ টাকা পৃষ্ঠা: ৩৬৮ প্রকাশনী: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা

আউটসোর্সিংয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) কাজ বেশ জনপ্রিয়। তবে এসইও করতে হলে বিষয়টি বোঝা এবং এ সম্পর্কে জানা-শেখা জরুরি। কাজটি শেখার পাশাপাশি কীভাবে কাজ পাবেন, অনলাইন মার্কেটপ্লেস কী, সেখান থেকে কাজ কীভাবে পেতে হয়, কাজ কীভাবে সম্পন্ন করতে হয়—সেসবও জানতে হবে। এসইও একটি পদ্ধতি, যেটির মাধ্যমে কোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রথম পাতার শুরুতে নিয়ে আসা যায়। এ ধরনের নানা তথ্য পাওয়া যাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বইয়ে। এটি লিখেছেন মো. মিজানুর রহমান। বইয়ে এসইওর বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে।
এতে ১৯টি অধ্যায়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের নানা বিষয়। প্রতিটি অধ্যায়ের বিষয়ের সঙ্গে রয়েছে সার্চ ইঞ্জিনের কাজের প্রয়োজনীয় ছবি ও বর্ণনা। এর মাধ্যমে জানা যাবে এসইওর প্রাথমিক ধারণা, সার্চ ইঞ্জিনের প্রাথমিক ধারণা, কারিগরি পদ্ধতি, এসইওর জন্য পরিকল্পনা তৈরি, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরির বর্ণনা, কি-ওয়ার্ড রিসার্চ ও সিলেকশন, কি-ওয়ার্ড অ্যানালাইসিস টুলস ইত্যাদি। এ ছাড়া জানা যাবে ব্লগিংয়ে ব্লগিং তৈরি, গুগলের বিনা মূল্যে ব্লগ খোলার সেবা, ব্লগারের ব্লগকে এসইও করা, এইচটিএমএল বেসিক, অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস ফ্রি ব্লগ তৈরি, ওয়ার্ডপ্রেস ব্লগকে এসইও করা ইত্যাদি সম্পর্কেও। বইয়ের সঙ্গে রয়েছে একটি সিডি। —রাহিতুল ইসলাম