এসএমএস-ভিত্তিক টু-ফ্যাক্টর অথেনটিকেশন অনিরাপদ!

ইন্টারনেট সেবা ক্ষেত্রে হাই-প্রোফাইল হ্যাকিংয়ের ঘটনা বেড়ে যাওয়ায় শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা গ্রহণের ওপর চাপ বাড়ছে। এ রকম একটি ক্ষেত্র হচ্ছে টু-স্টেপ বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি) ডিজিটাল অথেনটিকেশন গাইডলাইন নামের এক নীতিমালার খসড়া তৈরি করছে। এতে এসএমএস-ভিত্তিক টু-স্টেপ অথেনটিকেশন ব্যবস্থাটিকে অনিরাপদ বলে ঘোষণা দেওয়া হতে পারে।
টু-ফ্যাক্টর অথেনটিকেশন পদ্ধতিতে ব্যবহারকারীর নিরাপত্তা হিসেবে দুটি ধাপ থাকে। এর মধ্যে প্রথম ধাপটিতে ব্যবহারকারী সচরাচর ব্যবহার করে—এমন ফ্যাক্টর (পাসওয়ার্ড) থাকে। দ্বিতীয় ধাপটি হয় লগ-ইন প্রক্রিয়াটি বৈধ বা অনুমোদন বা অ্যাকসেস পাওয়ার চেষ্টা। প্রায় অধিকাংশ ক্ষেত্রে প্রথম ফ্যাক্টরটি পাসওয়ার্ড বা পিন নম্বর ব্যবহৃত হয়। দ্বিতীয় ফ্যাক্টর হিসেবে কোনো সংখ্যা, নম্বর বা অক্ষরের মিলিত সেট বিভিন্ন উপায়ে ব্যবহারকারীর কাছে পাঠানো হয়। এসএমএস কিংবা অথেনটিকের অ্যাপ ব্যবহার করে এই সংখ্যাগুলো পাওয়া যায়।
এনআইএসটির নীতিমালা অনুযায়ী, এসএমএস-ভিত্তিক টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সমস্যা হচ্ছে এসএমএস চ্যানেলটি নাজুক। যে স্মার্টফোনে এই এসএমএস আসে, তা চুরি হয়ে নিরাপত্তাব্যবস্থা হুমকির মুখে পড়ে। এ ছাড়া এসএমএস-ব্যবস্থা হ্যাক করা যায়। হ্যাক করে গোপন কোডটি জেনে নিতে পারে সাইবার দুর্বৃত্তরা। ভবিষ্যতে তাই এই পদ্ধতিকে অনিরাপদ প্রক্রিয়া হিসেবে তুলে ধরবে এনআইএসটি। এই ডিজিটাল অথেনটিকেশন গাইডলাইন অ্যাপল-গুগল থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সব প্রযুক্তি প্রতিষ্ঠানকে মানতে হয়।
এসএমএস অথেনটিকেশনের পরিবর্তে আরও নিরাপদ অথেনটিকেশন অ্যাপ্লিকেশন বা বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিচ্ছে এনআইএসটি। টু-ফ্যাক্টর অথেনটিকেশনের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট-প্রযুক্তি অধিক নিরাপদ বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সংস্থা। তথ্যসূত্র: স্ল্যাশগিয়ার।