এসএমএসি ল্যাব উদ্বোধন করলেন জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজীব ওয়াজেদ জয় । ফাইল ছবি
সজীব ওয়াজেদ জয় । ফাইল ছবি

‘সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যানালাইটিক ক্লাউড’ (এসএমএসি) নামে বিশেষ একটি ল্যাবরেটরি বা পরীক্ষাগার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃতীয় তলায় এই পরীক্ষাগারটি তৈরি করা হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ও পেশাজীবীদের তথ্য প্রযুক্তিতে সক্ষমতা তৈরিতে এ ল্যাবটি ব্যবহৃত হবে।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘এ ল্যাবের মাধ্যমে বছরে ৫০ হাজার লোককে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।’
আজ মঙ্গলবার এ ল্যাবের পাশাপাশি একই স্থানে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ভিডিও গেম ‘মুক্তিযুদ্ধ একাত্তর’ এবং শিশুদের তথ্য প্রযুক্তি সুরক্ষা সফটওয়্যার ‘সোনামণি গার্ড’ও উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে এসএমএসি ল্যাব, ভিডিও গেম ও অ্যাপসটি নিয়ে কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমাদের দেশের তরুণেরা এত সুন্দর অ্যাপস তৈরি করছে যে, এ জন্য আমি গর্বিত।’ এ সময় অন্যান্যের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার তাঁর সঙ্গে ছিলেন।
এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, এসএমএসি ল্যাবটি সাইবার নিরাপত্তা ও বিগ ডেটা অ্যানালাইটিকস নিয়ে কাজ করবে।
এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রথম আলোকে বলেন, ‘সাইবার নিরাপত্তা, ক্লাউড অ্যাপ্লিকেশন, বিগ ডেটা অ্যানালাইসিস ও বিভিন্ন ধরনের আইএসও অ্যাপ্লিকেশনসহ তথ্যপ্রযুক্তি নির্ভর সমসাময়িক নানা বিষয়ে সক্ষমতা অর্জনের জন্য এই ল্যাব করা হচ্ছে। এর মাধ্যমে আমরা ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সম্পদ (অ্যাসেট) রক্ষায় আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে পারব।