এসএমএসে জিমেইল সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে জনপ্রিয় ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠান গুগলের জিমেইলে এবার পাওয়া যাবে এসএমএস-ভিত্তিক সেবা। তবে বর্তমানে শুধু আফ্রিকার জন্য এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে গুগল। যেসব মোবাইল ফোনে শুধু ইন্টারনেট ব্যবহারের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই ফোনের জন্য জিমেইল এ ধরনের সেবা চালু করেছে। বর্তমানে আফ্রিকার ঘানা, নাইজেরিয়া ও কেনিয়ায় এই সুবিধা চালু করা হয়েছে। গুগলের সর্বশেষ পণ্যের মধ্যে যুক্ত হওয়া নতুন এই সেবা গুগল এসএমএস। আফ্রিকার বাজারে শিক্ষাবিষয়ক বিশেষ প্রকল্প চালুর কাজ করছে গুগল। আর এই প্রকল্প শুরুর পদক্ষেপ হিসেবেই চালু করা হয়েছে বিশেষ এই জিমেইল এসএমএসের ব্যবস্থা।গুগলের পণ্য ব্যবস্থাপক গেভ রিচেভ বলেন, ‘ভয়েস ও এসএমএস সমর্থন করে এমন মোবাইল ফোনে জিমেইল এসএমএস কাজ করবে। এর মাধ্যমে জিমেইল স্বয়ংক্রিয়ভাবে ই-মেইলকে এসএমএসে রূপান্তর করে ফোনে পাঠিয়ে দেবে। আর এর উত্তরও দেওয়া যাবে ফিরতি এসএমএসের মাধ্যমে, যা ই-মেইল আকারেও ইচ্ছে করলে দেখা যাবে।’ যেকোনো জিমেইল এসএমএস বিনা মূল্যে পাওয়া যাবে, তবে ফিরতি উত্তর দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নেটওয়ার্কের যে খরচ, তা দিতে হবে। কম্পিউটার বিজ্ঞান প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গুগল ‘এন ইমপর্টেন্ট গোল ফর গুগল ইন ২০১২’ শীর্ষক কার্যক্রম শুরু করছে। ইতিমধ্যে এ বিষয়ে বিশ্বখ্যাত এই সার্চ ইঞ্জিন কাজও শুরু করে দিয়েছে। তবে এসব কার্যক্রম ইন্টারনেট ব্যবহারের সীমাবদ্ধতার কারণে বেশি দূর এগোতে পারেনি। আর তাই এই কার্যক্রম এগিয়ে নিতেই জিমেইল এসএমএসের যাত্রা শুরু হচ্ছে। বর্তমানে আফ্রিকায় এই সুবিধা চালু হলেও এই কার্যক্রম বিশ্বের অন্যান্য দেশে চালুর ব্যাপারে গুগল ভাবছে বলে জানা গেছে। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম