এসএমএসে তথ্যসেবা দিচ্ছে রংপুর পুলিশ
মুঠোফোনের খুদে বার্তা অর্থাৎ এসএমএসের মাধ্যমে তথ্যসেবা দেওয়া শুরু করেছে রংপুর পুলিশ। এই প্রযুক্তির মাধ্যমে এখন থেকে মামলার বাদীকে সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করার পর পরবর্তী কোনো তথ্যের জন্য আর থানায় যেতে হবে না। জিডি বা মামলা নথিভুক্ত হওয়ার পর এ-সংক্রান্ত সব তথ্য বাদীর মুঠোফোনে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। মামলার তদন্ত কর্মকর্তা কত দিনের মধ্যে যোগাযোগ করবেন কিংবা প্রতিবেদন দেবেন, তা-ও বাদীর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে পৌঁছাবে। এ ছাড়া তদন্ত কর্মকর্তা কত দিনের মধ্যে যোগাযোগ করবেন কিংবা সম্ভাব্য কত দিনের মধ্যে পুলিশ রিপোর্ট দেবে, সে তারিখও মুঠোফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তদন্ত শেষে গৃহীত পুলিশি ব্যবস্থার বিষয়ও এসএমএসের মাধ্যমে জানানো হবে। পরীক্ষামূলকভাবে কোতোয়ালি থানায় এ তথ্যসেবা চালু করা হয়েছে। গত সপ্তাহে রংপুর বিভাগীয় উপমহাপরিদর্শক (ডিআইজি) বিনয় কৃষ্ণ বালা আনুষ্ঠানিকভাবে পুলিশ কমিউনিটি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন। রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি লুৎফর রহমান।রংসফট নামের একটি প্রতিষ্ঠানের প্রোগ্রামাররা আধুনিক এ তথ্যসেবার কারিগরি সহায়তা দিচ্ছেন। রংপুরের পুলিশ সুপার জানান, এ সেবা চালুর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্কের নতুন সেতুবন্ধ রচিত হবে। তিনি জানান, আপাতত এই এসএমএস-ভিত্তিক তথ্যসেবা শুধু কোতোয়ালি থানায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি থানায় এ সেবা চালু করা হবে। —আরিফুল হক, রংপুর