এসএমএসের ২৫ বছর

আপনি এখনো মোবাইলে এসএমএস বা বার্তা পাঠান? মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের যুগে এসএমএস হয়তো পুরোনো হতে চলেছে। তবে এখনো অনেক দেশে আবেদন ধরে রেখেছে এসএমএস। গতকাল ২ ডিসেম্বর প্রথম এসএমএস পাঠানোর ২৫ বছর পূর্ণ হয়েছে।
১৯৯২ সালের ২ ডিসেম্বর প্রথমবার এসএমএস বার্তা পাঠানো হয়েছিল। নব্বইয়ের দশক থেকে ২০০০ সাল পর্যন্ত ১৬০ অক্ষরের বার্তা আদান-প্রদানের বিষয়টি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে।
নেইল পাপওর্থ নামের ২২ বছর বছর বয়সী প্রকৌশলী ভোডাফোনের নেটওয়ার্ক ব্যবহার করে প্রথম শর্ট মেসেজ সার্ভিস বা এসএমএস পাঠান। প্রথম ওই এসএমএস একটি কম্পিউটার থেকে পাঠানো হয়েছিল। বার্তাটি ছিল ‘মেরি ক্রিসমাস’। এর প্রাপক ছিলেন ভোডাফোনের পরিচালক রিচার্ড জারভিস।
১৯৯৩ সালে নকিয়ার ফোনে ১৬০ অক্ষরের এসএমএস পাঠানোর ফিচারটি যুক্ত হয়। ১৯৯৯ সালে ভিন্ন টেলিকম নেটওয়ার্কে বার্তা আদান-প্রদানের সুবিধা ও ইমোজি পাঠানোর সুবিধা চালু হয়। জাপানে প্রথম ইমোজি সৃষ্টি করা হয়।
এসএমএস সম্পর্কে পাপওর্থ বলেন, ‘১৯৯২ সালে যখন এসএমএস তৈরি করা হয়েছিল, এর জনপ্রিয়তা সম্পর্কে কোনো ধারণা ছিল না। এর ফলে ইমোজি ও মেসেজিং অ্যাপ্লিকেশন এখন লাখো মানুষ ব্যবহার করছেন। আমি আমার সন্তানকে সম্প্রতি বলেছি, আমিই প্রথম বার্তাটি পাঠিয়েছিলাম। পেছন ফিরে দেখলে, এটা পরিষ্কার যে ক্রিসমাস বার্তাটি মোবাইলের ইতিহাসে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল।’ তথ্যসূত্র : এনডিটিভি।