এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৯১.৩৪ %

ফলাফলের পরে শিক্ষার্থীদের উল্লাস। ছবিটি রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা। ছবি: জিয়া ইসলাম
ফলাফলের পরে শিক্ষার্থীদের উল্লাস। ছবিটি রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা। ছবি: জিয়া ইসলাম

২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯১ দশমিক ৩৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪২ হাজার ২৭৬ জন শিক্ষার্থী।
গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৮৯ দশমিক শূন্য ৩ শতাংশ।  গতবার জিপিএ ৫ পেয়েছিল ৯১ হাজার ২২৬ জন শিক্ষার্থী।
এবার মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ২৬ হাজার ৯২৩ জন। এর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৩৩১ জন।
আজ শনিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বেলা একটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল  প্রকাশ করা হবে বেলা দুইটার দিকে। 
গত ৯ ফেব্রুয়ারি আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছিল। লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ২২ মার্চ। এবার মোট পরীক্ষার্থী ১৪ লাখের কিছু বেশি।