
সৃজনশীল প্রশ্নোত্তর n অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ে ৬ নম্বর অধ্যায় ‘শক্তি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।
# সাত্তার সাহেব অফিস থেকে বাসায় ফেরার পথে প্রায় এক ঘণ্টা জ্যামে আটকে রইলেন। তিনি লক্ষ করলেন দীর্ঘ সময় ধরে তাঁর গাড়িসহ অন্যান্য গাড়ির ইঞ্জিনগুলো চালু রয়েছে। তিনি ড্রাইভারকে বললেন, এভাবে শক্তির অপচয় করলে পরে প্রয়োজনে আর শক্তি পাওয়া যাবে না।
প্রশ্ন:
ক. এস.আই পদ্ধতিতে কাজের একক কী?
খ. সৌরশক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয় কেন?
গ. সাত্তার সাহেবের ব্যবহূত যানবাহনটিতে শক্তির রূপান্তর কীভাবে হচ্ছে? ব্যাখ্যা করো।
ঘ. সাত্তার সাহেবের কথায় ড্রাইভারের ব্যক্তিগত জীবনে কী ধরনের সচেতনতা গড়ে উঠবে?
উত্তর: ক. এস.আই পদ্ধতিতে কাজের একক জুল।
উত্তর: খ. নবায়নযোগ্য শক্তি বলতে এমন শক্তিকে বোঝায়, যা নিঃশেষ হওয়ার কোনো আশঙ্কা নেই, বরং বারবার ব্যবহারের উপযোগী করে তোলা যায়। সূর্য থেকে প্রাপ্ত শক্তিকে সৌরশক্তি বলে। সৌরশক্তিকে কাজে লাগানোর জন্য উদ্ভাবন করা হয়েছে সৌরকোষ, সৌরচুল্লি প্রভৃতি। সৌরকোষের সাহায্যে ক্যালকুলেটর, রেডিও, ছোট ছোট ইলেকট্রনিক যন্ত্রপাতি এমনকি কৃত্রিম উপগ্রহেও শক্তি সরবরাহ করা হয়। সৌরশক্তি ব্যবহারের ফলে এটি নিঃশেষ হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। এ কারণে সৌরশক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয়।
উত্তর: গ. সাত্তার সাহেবের ব্যবহূত যানবাহনটিতে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। গাড়িটিতে সতর্কতামূলক হর্ন বাজাতে রাসায়নিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তা ছাড়া গাড়িটিতে রাসায়নিক শক্তি কিছুটা আলোকশক্তিতে রূপান্তরিত হয়। সর্বোপরি যেকোনো রাসায়নিক শক্তির পরিবর্তন কিংবা যান্ত্রিক শক্তির কার্যকারিতায় তাপ শক্তির সৃষ্টি হয়ে থাকে।
উত্তর: ঘ. সাত্তার সাহেবের ড্রাইভার বিভিন্নভাবে শক্তির অপচয় করতেন। তিনি শক্তি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে অবহিত ছিলেন না। সাত্তার সাহেবের কথায় তিনি বুঝতে পারলেন শক্তি অফুরন্ত নয়, একসময় তা নিঃশেষ হয়ে যাবে। ফলে ব্যক্তিগত জীবনে তিনি শক্তির অপচয় না করে সংরক্ষণের ব্যাপারে মনোযোগী হবেন।
রেডিও, টিভি, বাতি, পাখা প্রভৃতি বৈদ্যুতিক সরঞ্জাম প্রয়োজনের সময় ব্যবহার করে অন্য সময় বন্ধ করে রাখবেন। বিনা কারণে ও অপ্রয়োজনে গাড়ির ইঞ্জিন চালু রাখা থেকে বিরত থাকবেন। ব্যক্তিগত জীবনের প্রতিটি কাজে তিনি শক্তির ব্যবহারে সচেতনতার পরিচয় দেবেন। একই সঙ্গে তিনি অন্যদেরও শক্তি সংরক্ষণের ব্যাপারে সচেতন করে তুলবেন।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা