এসএসসি পরীক্ষা পেছানো হবে না: শিক্ষামন্ত্রী

চলমান রাজনৈতিক সংকটের কারণে আসন্ন এসএসসি পরীক্ষা পেছানো হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
হরতাল-অবরোধে অগ্নিদগ্ধদের দেখতে বার্ন ইউনিটে যান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘দেশের পরিস্থিতি এখন ভালো। পরীক্ষা পেছানোর প্রশ্নই আসে না। সময়মতো পরীক্ষা হবে এবং ফল দেওয়া হবে।’
শিক্ষামন্ত্রী দুপুর পৌনে ১২টার দিকে বার্ন ইউনিটে দগ্ধদের দেখতে যান। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের দেশের কিছু মানুষ অমানবিক, পশুসুলভ। মানবতাবিরোধী কার্যকলাপের জন্য আমাদের দেশের মানুষেরা বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। বার্ন ইউনিট এদের চিকিত্সা দিয়েও কুলিয়ে উঠতে পারছে না। আশপাশের হাসপাতালগুলোতেও চিকিত্সা দেওয়ার ব্যবস্থা নেই।’
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘যারা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তাদের বিচার হচ্ছে। সেটা ভন্ডুল করার অপচেষ্টা চলছে। আমাদের দেশের মানুষ বিপদের সম্মুখীন। আন্দোলন করা আমাদের পুরোনো ঐতিহ্য। এক বছর ধরে দেখছি, আন্দোলনের নামে মানুষের ওপর আক্রমণ করা হচ্ছে, পেট্রলবোমা, আগুন দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। এদের উদ্দেশ্য স্বার্থ হাসিল করা। যুদ্ধাপরাধীদের বিচার নস্যাত্ করা। ক্ষমতায় যাওয়ার জন্য পথ অনুসরণ করা।’
শিক্ষামন্ত্রী বলেন, জামায়াত-শিবির ও বিএনপি এক হয়ে দেশের মানুষকে পেট্রলবোমা মেরে, জ্বালিয়ে-পুড়িয়ে নানাভাবে হত্যা করছে। ৫৩১টি স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে। এরা মানুষ নামের কলঙ্ক, পশু। দোষীদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে।