এসএসসি পরীক্ষার্থীদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয় হিসেবে পদার্থবিজ্ঞান ইতিমধ্যে পড়া শুরু করেছ। কেমন লাগছে? পদার্থবিজ্ঞানে বস্তু ও শক্তি নিয়ে আলোচনা করা হয়। এতে উদ্ঘাটন করা হয় প্রকৃতির রহস্য বা নিয়ম। কী পদ্ধতিতে বা কীভাবে পড়তে হবে পদার্থবিজ্ঞান, তা নিয়ে আজকের আলোচনা।

১. প্রথম কথা হলো, যখনই যে বিষয় তুমি পড়তে যাবে, সেটি যেন তোমার প্রিয় হয়ে ওঠে, মজাদার হয়ে ওঠে। জোর করে বেশি দূর এগোনো যায় না। আর যা কিছুই তুমি পড়বে, তা যেন অবশ্যই সঠিক পদ্ধতিতে হয়।
২. পদার্থবিজ্ঞানে অনেক তত্ত্ব বা তথ্য থাকে। সেগুলো সম্পর্কে পরিষ্কার ও স্বচ্ছ ধারণা রাখতে হবে।
৩. প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু আয়ত্ত করার জন্য বিশ্লেষণ করে করে পড়তে হবে। ছোট-বড় সব ধরনের বাক্যের অর্থ বুঝে নিতে হবে।
৪. পরিমাপের সব রাশির একক, মাত্রা ও প্রতীক এক জায়গায় লিখে রাখবে। মাঝেমধ্যে সেগুলো পড়ে নেবে।
৫. প্রতিটি অধ্যায়ের ‘সংজ্ঞা’ ও ‘কাকে বলে’-জাতীয় অংশগুলো ভালোভাবে আয়ত্ত করবে। মনে রাখবে, এসব অংশ নিজের মতো করে লেখা যায় না।
৬. বৈজ্ঞানিক সূত্রগুলো সঠিক ও নির্ভুল হওয়া বাঞ্ছনীয়। বিজ্ঞানীরা সূত্রগুলো যেভাবে বলেছেন, আমাদেরও সেভাবে বলতে হবে বা লিখতে হবে।
৭. অধিকাংশ অধ্যায়ে গাণিতিক সমস্যা বিদ্যমান। সেগুলো তো সমাধান করতে হবেই, এ রকম আরও গাণিতিক সমস্যা সমাধানের কৌশল আয়ত্ত করতে হবে। পরবর্তী সময়ে যখন টেস্ট পেপার হাতে পাবে, সেখানে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে অনেক গাণিতিক সমস্যার খোঁজ পাবে।
৮. গাণিতিক সমস্যাগুলো সমাধান করার সময় প্রশ্নে যেসব তথ্য দেওয়া থাকবে, তা প্রতীক ব্যবহার করে উল্লেখ করে প্রথমে লিখে নেবে। তারপর অজ্ঞাত রাশিটি ধরে নিলে কোন সূত্রের সাহায্যে সমাধান করা যাবে, তা নির্বাচন করা যাবে।
৯. গাণিতিক সমস্যা সমাধানের বিভিন্ন অংশে প্রয়োজনীয় ও সঠিক একক ব্যবহার করতে হবে। নিয়মিত অনুশীলন করলে কাজটা সহজাত অভ্যাসে পরিণত হবে। কঠিন মনে হবে না।
১০. একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, গাণিতিক সমস্যা সমাধানের সব সময় আন্তর্জাতিক পদ্ধতির একক ব্যবহার করতে হয়। মিটার-কিলোগ্রাম-সেকেন্ড (mks) পদ্ধতিকেই আন্তর্জাতিক পদ্ধতি বলা হয়।
যেমন: কোনো বস্তুর ভর 145 kg। এই 145 kg-কে kg এককে পরিণত করে সূত্রের মান বসাতে হবে। তখন একে লিখব ০.145 kg হিসেবে।
১১. প্রথম অধ্যায়ের ১.৭ পাঠ্যাংশটি খুব মনোযোগ সহকারে বারবার পড়ে আয়ত্ত করে নেবে। সেগুলো পুরো পদার্থবিজ্ঞানের বিভিন্ন অংশে কাজে লাগবে।
১২. অধ্যায়ভিত্তিক সূত্রের তালিকা তৈরি করে পড়ার টেবিলে সেঁটে রাখতে পারো।
১৩. পদার্থবিজ্ঞানের বিষয়বস্তুর সঙ্গে বাস্তব জীবনের অনেক ঘটনাপ্রবাহের মিল খুঁজে পাওয়া যায়। সেসবের সঙ্গে যোগসূত্র স্থাপন করে বিষয়বস্তু আয়ত্ত করার চেষ্টা করতে হবে। ব্যাখ্যা বা উদাহরণের খোঁজ করবে আমাদের চারপাশের চেনাজানা পরিবেশ থেকেই।
১৪. ব্যবহারিক কাজগুলো উপকরণ বা যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সম্পন্ন করার অভিজ্ঞতা অর্জন করলে মজবুত ভিত্তি তৈরি হবে। হাতে-কলমে কাজ করার মজাই আলাদা।
১৫. কিছু কিছু বিষয়বস্তু প্রমাণ বা ব্যাখ্যা করার জন্য চিত্র আঁকা দরকার। সেসব চিত্র অন্তত তিন-চারবার এঁকে ভালোভাবে অনুশীলন করে নিতে হবে। চিত্রের চিহ্নিতকরণ সব সময়ই করতে হবে।

সহকারী শিক্ষক সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা