এসার আনল সাশ্রয়ী ট্যাবলেট
সাশ্রয়ী দামের ৭ ইঞ্চি মাপের একটি অ্যান্ড্রয়েড জেলি বিন-নির্ভর ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার। গতকাল বুধবার লাসভেগাসের সিইএস মেলায় এ ট্যাবলেটটি প্রদর্শন করেছে তাইওয়ান-ভিত্তিক কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানটি।এসারের এক কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মাত্র ৯৯ ডলারেই পাওয়া যাবে এসারের ৭ ইঞ্চি মাপের ট্যাবলেটটি। ট্যাবলেটটির নাম ‘এসার আইকনিয়া বি১’। ‘এসার আইকনিয়া বি১’ ট্যাবলেটটির ৭ ইঞ্চি মাপের ডিসপ্লেতে রয়েছে উন্নত রেজুলেশন। ট্যাবলেটটিতে ডুয়াল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ৮ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা রয়েছে। পাশাপাশি ট্যাবলেটটি মাইক্রোএসডি কার্ড, জিপিএস ও ব্লুটুথ সমর্থন করে।ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, এসারের তৈরি সাশ্রয়ী ট্যাবলেটটি বর্তমানে বাজারে থাকা আমাজন কিন্ডল ফায়ার ও নেক্সাস ৭ এর চেয়ে সাশ্রয়ী। দক্ষিণ এশিয়ার বাজারের কথা বিবেচনা করেই এ ট্যাবলেট তৈরি করেছে এসার।