এসারের উইন্ডোজ ট্যাবলেটের সময় পেছাল
মাইক্রোসফটের উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট কম্পিউটার দেরিতে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ানের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার। মাইক্রোসফটের উইন্ডোজনির্ভর ‘সারফেস’ ট্যাবলেট বাজারে ছাড়ার ঘোষণা দেওয়ার কারণেই এসার ট্যাবলেট বাজারে আনার সময় পরিবর্তন করছে। খবর রয়টার্সের। কম্পিউটার তৈরির দিক থেকে বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রতিষ্ঠান এসার। ২০১৩ সালের শুরুতেই এআরএমের চিপ ও উইন্ডোজ নির্ভর ট্যাবলেট বাজারে আনার পরিকল্পনা করেছিল প্রতিষ্ঠানটি। সম্প্রতি উইন্ডোজনির্ভর ট্যাবলেটের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফটের উইন্ডোজনির্ভর ‘সারফেস’ ট্যাবলেট নিয়ে প্রযুক্তি বিশ্লেষকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়ায় দ্রুত এ ট্যাবলেট বাজারে আনার পরিকল্পনা থেকে সরে এসেছে এসার।এসারের প্রেসিডেন্ট জিম ওং গত মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছেন, দ্রুত উইন্ডোজনির্ভর ট্যাবলেট বাজারে আনার জন্য কাজ করছিল এসার। কিন্তু সারফেসের কারণেই আমাদের সতর্ক হতে হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী গবেষণা ও উন্নয়নের কাজ চলতে থাকলেও ট্যাবলেট বাজারে আনতে ২০১৩ সালের মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে। জিম ওং আরও জানিয়েছেন, ‘ ২০১৩ সালের প্রথম প্রান্তিক অর্থাত্ প্রথম তিন মাসের মধ্যেই এসারের উইন্ডোজ ট্যাব আনতে চেয়েছিলাম। কিন্তু এটির আসতে দেরি হবে।’ সারফেস ট্যাবলেট বাজারে আনার আগে এসার কর্তৃপক্ষ মাইক্রোসফটের হার্ডওয়্যার ব্যবসার সমালোচনা করেছিল। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ভাষ্য ছিল, মাইক্রোসফট হার্ডওয়্যার ব্যবসায় এলে উইন্ডোজনির্ভর হার্ডওয়্যার ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে। উল্লেখ্য, মাইক্রোসফট সম্প্রতি ৪৯৯ মার্কিন ডলার দামের ‘সারফেস’ ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে। এছাড়াও লেনোভো ও আসুস উইন্ডোজ আরটি নির্ভর ট্যাবলেট বাজারে আনার পরিকল্পনা করেছে। মাইক্রোসফটের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জিম ওং জানিয়েছেন, ‘মাইক্রোসফট আগামীতে কী করতে যাচ্ছে সে সম্পর্কে আমরা কিছুই জানি না। ‘সারফেস’ ট্যাবলেট বাজারে ক্রেতাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা পায় তার ওপর নির্ভর করেই এসার উইন্ডোজ-নির্ভর ট্যাবলেট বাজারে আনবে।’