এসারের নতুন চেয়ারম্যান জর্জ হুং

তাইওয়ানভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান এসারের নতুন চেয়ারম্যান হলেন এর সহপ্রতিষ্ঠাতা জর্জ হুং। সম্প্রতি নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। এসারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্টিন শির অবসর গ্রহণের ছয় মাস পর নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হলো। ১৯৯০ সাল থেকে হুং ইন্টারনেট এবং ই-কমার্স ব্যবসা নিয়ে কাজ করছেন। চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে হুং বলেন, ‘আমাদের এখন উচিত যেসব কম্পিউার, ট্যাবলেট, স্মার্টফোন রয়েছে সেগুলো এবং অন্যান্য হার্ডওয়্যার ব্যবহারকারীদের জন্য সহজ পদ্ধতিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। এ জন্য নতুন বেশ কিছু উদ্যোগও নেওয়া হবে। ৬৫ বছর বয়সী হুং এসব উদ্যোগের পাশাপাশি নিজস্ব ক্লাউড ব্যবস্থা ‘বিল্ড ইউর ওন ক্লাউড (বিওয়াইওসি)’ সেবা চালুরও ঘোষণা দিয়েছেন। ভবিষ্যতের ক্লাউড কম্পিউটিং বাজারে নিজেদের অবস্থান শক্ত রাখতেই এমন উদ্যোগ বলেও জানান তিনি।
বিওয়াইওসির মাধ্যমে এসার ব্যবহারকারীরা নিজের কম্পিউটারেই ক্লাউড সুবিধা দিয়ে সংগীত, ছবি ইত্যাদি যেকোনো সময়ে যেকোনো পদ্ধতিতে রাখতে পারবেন। ক্লাউড কম্পিউটিং জগতে এটি নতুন এক অধ্যায় হবে বলে মন্তব্য করেছেন হুং।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এসার বর্তমান বাজারে নানা ধরনের প্রযুক্তিপণ্য বাজারজাত করছে। নানা ধরনের বৈশিষ্ট্যযুক্ত উদ্ভাবনী পণ্যের কারণে বেশ সফলতাও পেয়েছে প্রতিষ্ঠানটি। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতামূলক বাজারে আগের চেয়ে শক্ত অবস্থানে যেতে পারবে বলে আশাবাদী এসারের কর্মকর্তারাও।
—এএফপি অবলম্বনে কাজী আলম