এসারের নতুন নোটবুক ও আলট্রাবুক
বাংলাদেশে এসারের পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে এসার এস্পায়ার সিরিজের এসএমভি এবং ই-সিরিজ ১৫টির বেশি নোটবুক ও নেটবুক। গত রোববার ঢাকার একটি হোটেলে ইটিএল এবং এসার ইন্ডিয়ার কর্মকর্তারা এই পণ্যের মোড়ক উন্মোচন করেন। এসার ইন্ডিয়ার প্রধান বিপণন কর্মকর্তা এস রাজেন্দ্রন জানান, ‘এসারের নতুন স্লোগান হচ্ছে, এক্সপ্লোর বিয়ন্ড লিমিট; আর এই নীতির সঙ্গে সমন্বয় রেখেই নতুন নোটবুকগুলো তৈরি করা হয়েছে। এস্পায়ার সিরিজের এসব পণ্য প্রিমিয়াম ও ভ্যালু কনসাস দুই ধরনের ব্যবহারকারীদের চাহিদা মেটাবে।’ অনুষ্ঠানে ইটিএলের ব্যবস্থাপনা পরিচালক মোকলেসুর রহমান বলেন, ‘বর্তমানে বাংলাদেশের অধিকাংশ পিসি ব্যবহারকারীই আধুনিক প্রযুক্তি সম্পর্কে অবগত। তাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতেই এসারের এসব নতুন পণ্য প্রস্তুত করা হয়েছে।’ অনুষ্ঠানে এসারের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শেখর কর্মকার বক্তব্য দেন। আলট্রা স্লিম এবং লাইট সিরিজের নোটবুকগুলো মাত্র ২০ মিলিমিটার পাতলা, ২ কেজি ৩০০ গ্রামেরও কম ওজনবিশিষ্ট। মডেল ভিত্তিতে এতে যোগ হয়েছে এনভিডিয়া জিফোর্স গ্রাফিক্স কার্ড, দ্বিতীয় জেনারেশনের ইন্টেল কোর প্রসেসর ও আট ঘণ্টারও বেশি ব্যাটারি ব্যাকআপের সুবিধা। —নিজস্ব প্রতিবেদক