এসারের নতুন ল্যাপটপ ও মোবাইল ফোনসেট
দেশের বাজারে এসেছে এসারের বেশকিছু নতুন ল্যাপটপ কম্পিউটার। পাশাপাশি এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে এল এসারের নতুন কয়েকটি মোবাইল ফোনসেট। গত বুধবার ঢাকায় এসারের পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড (ইটিএল) আয়োজিত এক অনুষ্ঠানে নতুন পণ্যের ঘোষণা দেন এসার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা এস রাজেন্দ্রন। তিনি জানান, কোর আই থ্রি প্রসেসর ও টাচ স্ক্রিনসহ অ্যাস্পায়ার ৪৭৪০, ৫৭৪০, ৫৭৪০জি ল্যাপটপ কম্পিউটারের নানা দিক তুলে ধরেন।অনুষ্ঠানে বাংলাদেশে ইন্টেলের কান্ট্রি ডিরেক্টর জিয়া মঞ্জুর প্রসেসরগুলোর বর্ণনা দেন। এ ছাড়াও ল্যাপটপে ব্যবহূত উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম সম্পর্কে জানান মাইক্রোসফট বাংলাদেশের ডেভেলপার অমি আজাদ। অনুষ্ঠানে এসারের নতুন সিরিজ গেটওয়ের উদ্বোধন করা হয়। ল্যাপটপের পাশাপাশি এসারের বি টাচ ১০০, বি টাচ ২০০ ও নিও টাচ নামের তিনটি স্মার্ট ফোনসেট দেখানো হয়। পুরো স্পর্শকাতর পর্দাসহ এসব মোবাইল ফোনসেট চলবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে।অনুষ্ঠানে ২০০৯ সালের সেরা পুনর্বিক্রেতা হিসেবে রায়ানস কম্পিউটার, রিশিত কম্পিউটার্স, টেকনোএজ করপোরেশন লিমিটেড ও স্টার টেকনোলজিকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে এসার ইন্ডিয়ার ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক শেখর কর্মকার ও ইটিএলের ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। —নুরুন্নবী চৌধুরী