এসারের শুভেচ্ছাদূত হলেন মিম

বাংলাদেশে এসার পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে আগামী এক বছর কাজ করবেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে মিমের সঙ্গে এসারের পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের (ইটিএল) চুক্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে এসারের বিক্রয় প্রতিনিধি প্রতিষ্ঠান ইটিএলের ব্যবস্থাপনা পরিচালক সালমান আলী খান। তিনি বলেন, ‘এসার তরুণদের প্রতিনিধিত্ব করে। সে বিবেচনায় এ সময়ের জনপ্রিয় মুখ মিমকে বাংলাদেশে এসারের শুভেচ্ছাদূত নির্বাচন করা হয়েছে।’
এবারই প্রথম কোনো প্রযুক্তিপণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে যাচ্ছেন মিম। চুক্তি অনুযায়ী আগামী এক বছর পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত থাকবেন। এ সময়টাতে একই ধরনের অন্য কোনো প্রতিষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন না তিনি। বিদ্যা সিনহা মিম বলেন, ‘এসারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রযুক্তিনির্ভর এই সময়টাতে মানুষের প্রতিদিনের জীবনে এসার আরও স্বাচ্ছন্দ্য এনে দেবে বলেই আমার বিশ্বাস।’ অনুষ্ঠানে মিমের হাতে এসারের একটি ল্যাপটপ কম্পিউটার তুলে দেন সালমান আলী খান।