এসিএম আইসিপিসির চূড়ান্ত লড়াই আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্বের মূল প্রতিযোগিতা আজ থাইল্যান্ডের ফুকেটে হতে যাচ্ছে। এতে বিভিন্ন দেশের ১২৮টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির তিনটি দল চূড়ান্ত পর্বে লড়বে।
প্রতিটি দলে রয়েছে তিনজন করে প্রতিযোগী। টানা পাঁচ ঘণ্টা চলবে এ প্রতিযোগিতা। ১০ থেকে ১৩টি প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে হবে প্রতিযোগী দলগুলোকে। সমস্যাগুলো সি, সি প্লাস প্লাস কিংবা জাভা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সমাধান করতে হবে।
এসিএম আইসিপিসিতে বেশ কয়েক বছর ধরেই রাশিয়া, পোল্যান্ড ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর প্রাধান্য দেখা যায়। এ বছরও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার কোচ শহীদুল ইসলাম। তবে শক্তির বিচারে চীনকেই এগিয়ে রাখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোচ সাইফুল ইসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোচ কে এম আক্কাছ আলী বলেছেন, শীর্ষ ৩০টি দলের মধ্যে থাকা তাঁদের প্রাথমিক লক্ষ্য। নর্থ সাউথ ইউনিভার্সিটি দলের কোচ সাজ্জাদ হোসেন বলেন, দলের প্রোগ্রামাররা তাঁদের সামর্থ্যের পুরোটুকু ঢেলে দেবেন।
গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে দুই ঘণ্টার প্রস্তুতিমূলক প্রতিযোগিতা (মক টেস্ট)। প্রোগ্রামিংয়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক আসরে যেন প্রতিযোগীরা আগেভাগেই মূল প্রতিযোগিতার পরিবেশের সঙ্গে পরিচিত হতে পারে, এটিই এই প্রস্তুতিমূলক প্রতিযোগিতার লক্ষ্য। এ ছাড়া প্রতিযোগিতার বিভিন্ন নিয়মকানুন সম্পর্কেও তাঁদের জানানো হয়। শেষে প্রশিক্ষকদের নিয়ে চলে একটি বিশেষ আয়োজন।
সাধারণত গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোতে কাজ করার জন্য ডাক পান সেরা প্রোগ্রামাররা। তবে এবারে অন্য কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানও তাদের প্রতিনিধিদের পাঠিয়েছে এই প্রোগ্রামিং উৎসবে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিঙ্গাপুরভিত্তিক দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সেরা স্টার্টআপ প্রতিষ্ঠান গ্র্যাব। প্রোগ্রামিং মেধার এই সর্বোচ্চ লড়াইয়ের দিকেই তাকিয়ে আছে গোটা প্রযুক্তিবিশ্ব।