এসিএম-আইসিপিসির ঢাকা পর্ব কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের জন্য রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনের কম্পিউটার প্রোগ্রামিং-বিষয়ক এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) ঢাকা পর্ব। শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে মূল প্রতিযোগিতা। পরদিন সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এই ঢাকা পর্ব। গতকাল বুধবার ইউএপিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে এগিয়ে থাকা অনেক দেশের প্রতিযোগীদের আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় পেছনে ফেলছে আমাদের ছেলেরা। এ থেকেই বোঝা যায়, প্রোগ্রামিংয়ে আমাদের দক্ষতা বাড়ছে।’ এ সময় উপস্থিত ছিলেন ইউএপির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রধান বিলকিস জামাল ফেরদৌসী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা পর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৫টি দল অংশ নেবে। প্রতিটি দলে তিনজন করে প্রতিযোগী। এর আগে প্রাথমিক পর্যায়ে অনলাইন প্রতিযোগিতায় ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৫৬৬টি দল অংশ নিয়েছিল। সে প্রতিযোগিতায় বিজয়ী দলগুলো ঢাকা পর্বের প্রতিযোগিতায় অংশ নেবে।

এবারের এসিএম-আইসিপিসি প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের আয়োজক ইউএপি। সহযোগিতা করছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ, এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেড, লিড সফট, দোহাটেক, বিকাশ, এসইএল ও সাউথইস্ট ব্যাংক।