
চলতি বছরের শুরুতেই মাইক্রোসফট করপোরেশন বলেছিল, ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ইন্টারনেট এক্সপ্লোরাকে বিদায় জানিয়ে আসছে নতুন ব্রাউজার স্পার্টান, যা ‘প্রজেক্ট স্পার্টান’ নামে আনুষ্ঠানিকভাবে পরিচিত। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ কারিগরি পরীক্ষামূলক সংস্করণ ‘উইন্ডোজ ১০ বিল্ড ১০০৪৯’ মার্চের হালনাগাদে স্পার্টান যোগ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই উইন্ডোজের এই কারিগরি সংস্করণ চালিয়ে দেখছেন, তাঁরা চাইলে দ্রুত হালনাগাদ পাওয়ার সেটিংস দিয়ে স্পার্টান ব্রাউজারটি পেতে পারেন। সর্বশেষ এ অপারেটিং সিস্টেমটির ছবি বা স্পার্টান ইন্টারনেট থেকে আলাদাভাবে নামিয়ে ব্যবহার করার ব্যবস্থা নেই।
কিছুটা সময়সাপেক্ষ এই হালনাগাদ প্রক্রিয়াটি শেষ হলে টাস্কবারে পৃথিবীর নীল গোলকযুক্ত একটি আইকন দেখা যাবে। এটিই ইন্টারনেট এক্সপ্লোরারের আধুনিক রূপান্তর—প্রজেক্ট স্পার্টান। উন্নত আর দ্রুত ওয়েবসাইট দেখার সুবিধা, আলাদাভাবে ছোট ছোট প্রোগ্রাম বা প্লাগ-ইনস সমর্থন, যেকোনো ওয়েবপেজে নিজের মতো আঁকিবুঁকি বা মন্তব্য করা যায় এতে।
ওয়েবসাইটের ঠিকানা লেখার পাশেই ডান দিকে খোলা বইয়ের চিহ্ন দেওয়া রিডিং মোড সুবিধার একটি আইকন আছে। কোনো ওয়েবসাইটের নির্দিষ্ট একটি লেখা পড়ার সময় রিডিং মোড চালু করলে শুধু সেটুকু অংশই দেখা ব্রাউজারে যাবে, বাদবাকি অন্য কোনো লেখা, ছবি, বিজ্ঞাপন দেখা যাবে না। এর পাশেই থাকছে বুকমার্কিং অপশন। এ ছাড়া নিজের পছন্দের ওয়েবসাইটের তালিকা, হিস্ট্রি, ডাউনলোড, পড়ার তালিকা এসব দেখা যাবে ব্রাউজারে ডান পাশে। কোনো ওয়েবপেজে টুকিটাকি কোনো কিছু লিখে রাখতে বা মাউস দিয়ে চিহ্ন এঁকে পরবর্তী সময়ে পড়ার জন্য সংরক্ষণ করে রাখতে পাওয়া যাবে ওয়েব নোট সুবিধাটি।
এমনিতে স্পার্টান চালাতে খুব বেশি মেমোরি দখল করে রাখে না, ব্যবহারে তাই হালকা। যেহেতু এখনো এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তাই শতভাগ কার্যকারিতা আশা না করাই ভালো। মোটের ওপর ব্রাউজারের জগতে স্পার্টানকে মাইক্রোসফটের এক বড় ধরনের অগ্রগতিই বলা যায়।
মঈন চৌধুরী