এসো মিলি প্রাণের বন্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনর্মিলনীর উচ্ছ্বাসে শামসুন্নাহার হলের চার শিক্ষার্থী
পুনর্মিলনীর উচ্ছ্বাসে শামসুন্নাহার হলের চার শিক্ষার্থী

৫ ডিসেম্বরের সন্ধ্যাটা যেন একটু অন্য রকমই ছিল শামসুন্নাহার হলের জন্য। লাল, নীল, সবুজ বাহারি রঙের আলোয় ঝলমল করছিল হলের প্রাঙ্গণ। ৬ ডিসেম্বর ছিল প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী। তাই তো এই সাজ সাজ রব। ৬ ডিসেম্বর সকাল থেকেই হল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে প্রাক্তন ছাত্রীদের পদচারণে। একসময় যে হল ছিল তাঁদের প্রাণের ঠিকানা, যে বন্ধুরা ছিলেন তাঁদের সুখ-দুঃখের সঙ্গী, সেই চেনা হল আর বন্ধুদের দেখা পেয়ে তাঁরা যেন ফিরে গিয়েছিলেন সেই দিনগুলোয়। দেখা হতেই কে কীভাবে কথা বলতেন, কে কতটা রোগা ছিলেন, কার কী মুদ্রাদোষ ছিল, বন্ধুমহলে কার কী ডাকনাম ছিল—এসব স্মৃতিচারণায় মুখর হয়ে উঠেছিলেন তাঁরা।

এই পুনর্মিলনীকে আলোকিত করে তোলেন জাতীয় সংসদের স্পিকার ও শামসুন্নাহার হলের প্রাক্তন ছাত্রী ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

এই মিলনমেলায় কোনো অংশেই পিছিয়ে ছিলেন না নবীন শিক্ষার্থীরাও। মার্কেটিংয়ের ছাত্রী জেনিফার করিম যেমন বললেন, ‘প্রাক্তন ছাত্রীদের দেখে মনে হচ্ছে কদিন বাদে আমরাও প্রাক্তন হব!’

এই মিলনমেলায় অন্য মাত্রা যোগ করেছিল ঢোলের বাজনা। ঢোলের তালে তালে কোমর দুলিয়ে নেচে উঠেছেন অনেকেই। সমাজবিজ্ঞান অনুষদের ৭৭তম ব্যাচের হামিদা কাইছার নিজের অনুভূতি জানাতে গিয়ে যেমন বললেন, ‘মনে হচ্ছে আমি যেন কিশোরী হয়ে গেছি!’

এই পুনর্মিলনীর অন্যতম আকর্ষণ ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান পরিবেশন করেন মিতা হক ও ফেরদৌস আরা। নৃত্যশিল্পীদের নৃত্যের তালে তালে প্রাক্তন শিক্ষার্থীদের নাচও ছিল দেখার মতো! এভাবে নাচ-গানের তালে তালে কাটতে থাকে সময়, দিন শেষে ঘনিয়ে আসে বিদায়ের পালা। সবার মনেই তখন বেজে ওঠে বিদায়ের সুর।