এয়ারটেলকে ভ্যালু অ্যাডেড সেবা দেবে মাহিন্দ্র কমবিভা

এয়ারটেল বাংলাদেশ তাদের ‘ভ্যালু অ্যাডেড’ পরিচালনার দায়িত্ব দিয়েছে মাহিন্দ্র কমবিভাকে। সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের মধ্যে তিন বছর মেয়াদি একটি চুক্তি হয়েছে বলে এয়ারটেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এয়ারটেল বাংলাদেশের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) লুত্ফর রহমান এ বিষয়ে বলেন, ‘মাহিন্দ্র কমবিভা ইতিমধ্যেই একটি বিশ্বাসযোগ্য সহযোগী হিসেবে নিজেদের প্রমাণ করেছে। আশা করি, তারা কার্যকরভাবে ভ্যালু অ্যাডেড সেবা পরিচালনা করবে।’
মাহিন্দ্র কমবিভার ভিএএস ম্যানেজ সার্ভিস প্রধান অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘এটি মাহিন্দ্র কমবিভার জন্য একটি স্মরণযোগ্য ঘটনা। এর আগে আমরা ২০টি দেশে এয়ারটেলকে সফলতার সঙ্গে এ সেবা প্রদান করেছি । ভারত, শ্রীলঙ্কা ও আফ্রিকার দেশগুলোতে আমাদের সফলতার কারণেই বাংলাদেশের জন্য আমরা চুক্তিবদ্ধ হয়েছি। আমরা এয়ারটেলকে আবারও সেই বিশ্বাস প্রদান করছি।’
প্রসঙ্গত, মাহিন্দ্র কমবিভা বিশ্বের বিভিন্ন দেশে ৩৫টি টেলিকম অপারেটরকে সাফল্যের সঙ্গে বিভিন্ন রকমের ভ্যালু অ্যাডেড সেবা দিয়ে আসছে। মাহিন্দ্র কমবিভার সঙ্গে এই চুক্তির ফলে এয়ারটেলের খরচ প্রায় ২০ শতাংশ কমবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।