এয়ারটেলে অপেরার মিনি ব্রাউজার
এয়ারটেল গ্রাহকদের জন্য নতুন কাস্টমাইজড অপেরা মিনি ব্রাউজার চালু করার ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল।৮ জুলাই রাজধানী ঢাকায় এক সংবাদ সম্মেলনে এয়ারটেল কর্মকর্তা ও অপেরা মিনির ভারত ও সার্কভিত্তিক দেশগুলোর ব্যবসা পরিচালক সুনীল কামাত এয়ারটেল গ্রাহকদের জন্য তাঁদের নিজস্ব ব্যবহার উপযোগী অপেরা মিনি ব্রাউজারের ঘোষণা দিয়েছেন।বাংলাদেশে এয়ারটেল গ্রাহকদের জন্য কাস্টমাইজড অপেরা মিনি ব্রাউজার চালু প্রসঙ্গে সুনীল কামাত প্রথম আলো ডকটমকে জানিয়েছেন, ভারতী এয়ারটেলের সঙ্গে অপেরা সফটওয়্যারের চুক্তি হয়েছে। বাংলাদেশ অপেরা মিনির জন্য দ্রুত বর্ধনশীল একটি বাজার। গত এক বছরে বাংলাদেশে অপেরা মিনি ব্রাউজার ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে শত ভাগেরও বেশি। তাই এয়ারটেলের কার্যক্রম পরিচালনা করা হয়—এমন দেশগুলোতেই অপেরা মিনির কাস্টোমাইজ ব্রাউজার সুবিধা চালু করা হচ্ছে।সুনীল কামাত আরও জানিয়েছেন, এ ব্রাউজারটি ব্যবহারবান্ধব, খরচ বাঁচায় এবং এটি মোবাইল ব্রাউজারের মধ্যে সবচেয়ে দ্রুতগতির। তিনি বলেন, বাংলাদেশ, ভারত, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ, আফ্রিকাসহ সব মিলিয়ে ২২ কোটিরও বেশি ব্যবহারকারী অপেরা মিনি ব্যবহারে সরাসরি সুবিধা পাচ্ছেন। প্রক্সি সার্ভার প্রযুক্তি থাকায় অপেরা মিনি তথ্য সংকোচন করে দেখায়। ফলে অন্যান্য ব্রাউজারের তুলনায় এ ব্রাউজারটি অর্থ ও তথ্যসাশ্রয়ী।একটি তথ্য টুল হিসেবে অপেরা মিনি বাংলাদেশের ও এয়ারটেলের গ্রাহকদের কাছে জনপ্রিয় হবে বলেই আশা করছেন কামাত। তাঁর ধারণা, আগামী দুই বছরের স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহারের প্রসারের সঙ্গে সঙ্গে বাংলাদেশে অপেরা মিনির জনপ্রিয়তা বেড়ে যাবে। অপেরা মিনিকে জনপ্রিয় করতে বেশ কিছু পরিকল্পনার কথাও জানিয়েছেন কামাত।এদিকে এয়ারটেলের ভ্যালু অ্যাডেড সার্ভিসের (ভাস) প্রধান জিয়াউল হক শিকদার জানিয়েছেন, এয়ারটেল গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আরও ব্যবহার-বান্ধব করতেই অপেরা মিনির এই কাস্টোমাইজ ব্রাউজার চালু করছে প্রতিষ্ঠানটি।