ও আমার সঙ্গে বিশেষ ইঙ্গিতপূর্ণ কিছু আচরণ করছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা
আমি দ্বাদশ শ্রেণির একজন ছাত্রী। আমার লেখাপড়ার অবস্থা খুবই খারাপ। পড়তে একটুও ভালো লাগে না। গল্পের বই পড়ার আগ্রহ থাকলেও পড়ার বইয়ে আর সে আগ্রহটা নেই। এসএসসিতে ভালো ফল করতে পারিনি বলে সবাই আমার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। আগে যেসব সহপাঠী আমাকে অনুকরণ করত, তারা এখন আমার চেয়ে অনেক ভালো রেজাল্ট করছে। এ বিষয়টি আমাকে অনেক পীড়া দেয়। আমার মনে হয় আমি অনেক কল্পনাপ্রবণ হয়ে পড়েছি। পড়তে বসলেই ভবিষ্যৎ ও অতীতের অনেক কল্পনা মাথায় আসে।
শ্রাবণী, সিলেট।
পরামর্শ
ফলাফল কী কারণে ভালো হয়নি তা কি তুমি বুঝতে পেরেছিলে? বাড়ির মানুষদের উচিত ছিল তোমার ওপর আস্থা ধরে রেখে ভবিষ্যতে ভালো করার জন্য উৎসাহ দেওয়া। জীবনের সব পর্যায়ে আমাদের আশানুরূপ অর্জন হবে, এমন কোনো কথা নেই। এসএসসি পরীক্ষার ফলাফল যে কারণে ভালো হয়নি, সেগুলো ভেবে বের করো। সেগুলো যেন সামনে আর না ঘটে, সেভাবে পদক্ষেপ নাও। শুধু পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে নিজেকে অন্যদের চেয়ে কম মনে করো না। নিজের ওপর আস্থা রাখো। অতীত ও ভবিষ্যৎ নিয়ে খুব বেশি না ভেবে বর্তমানকে বেশি গুরুত্ব দাও। কারণ, অতীত গত হয়ে গেছে এবং ভবিষ্যৎ আমাদের জানা নেই। তোমার মতো অনেকেই আছে যারা এসএসসিতে প্রত্যাশিত ফল না করলেও এইচএসসিতে অনেক ভালো ফল করেছে। যদি কিছুটা হলেও মন দিয়ে পড়তে পারো, তাহলে নিজেকে এর জন্য বাহবা দিতে থাকবে। আশা করি তোমার আত্মবিশ্বাস আবার ফিরে আসবে।
সমস্যা
আমি একটি মেয়েকে প্রায় তিন বছর ধরে পড়াচ্ছি। মেয়েটির এখন বয়ঃসন্ধিকাল চলছে। ফলে ওর বেশ কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটছে। কদিন আগে ও আমার সঙ্গে বিশেষ ইঙ্গিতপূর্ণ কিছু আচরণ করছে। আমিও নিজের অজান্তে এমন কিছু আচরণ করে ফেলছি, যার জন্য পরে অনুতাপ হয়। ভেবেছিলাম টিউশনি ছেড়ে দেব। কিন্তু মেয়েটির অভিভাবকদের অনুরোধ ও নিজের আর্থিক সংকটের কথা ভেবে টিউশনিটি ছাড়তে পারিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক।
পরামর্শ
সময়মতো সচেতন হয়ে এ রকম একটি বিষয় জানিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ। মেয়েটি হয়তো এখনো অপ্রাপ্তবয়স্ক বলেই ওর আচরণের ফল কী হবে সেটা বুঝতে পারছে না। তোমার দায়িত্ব, মেয়েটিকে এ ধরনের আচরণের বিষয়ে নিরুৎসাহিত করা। সেই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক কী হওয়া উচিত সে ব্যাপারেও ওকে জানানো দরকার। যদি দেখ এর পরও মেয়েটির আচরণ পাল্টাচ্ছে না বা তুমি তোমার সংযম ধরে রাখতে ব্যর্থ হচ্ছ, তাহলে তোমাকে অবশ্যই ওকে পড়ানো বন্ধ করে দিতে হবে। নিজের প্রতি যথেষ্ট আস্থা থাকলে তুমি নিশ্চয়ই অন্য শিক্ষার্থীকে পড়ানোর সুযোগ পাবে।