দুই সিটিতে উঠেছে ওই নির্বাচনের চাঁদ
নিন্দুকেরা বলছে এটা রাজনৈতিক ফাঁদ।
হরতাল আর অবরোধের মান সম্মান শেষ
‘গিনেস বুকে’ নাম লেখাবে সোনার বাংলাদেশ।
হরতাল কী? প্রশ্ন করে আজকে খোকাখুকু
অবরোধের সঙ্গে তফাত নেই তো এতটুকু।
পেট্রলে কেউ ঝলসে গেল কেউ পুড়ে হয় ছাই
কেউ বা নিখোঁজ, কে খায় গুলি সঠিক হিসাব নাই।
এরই মাঝে চাঁদ উঠেছে কেউ বলছে ফাঁদ
পত্রিকাতে প্রার্থী নিয়ে হয় ছাপা সংবাদ।
ঋণখেলাপি বাড়ি বেচে ঋণ করছে শোধ
প্রার্থী হতে ভাঙছে এখন বাধা প্রতিরোধ।
মেয়র–কাউন্সিলর হতে সে কি হুলুস্থুল
প্রার্থীর সব মুখে মুখে ফুটছে কথার ফুল।
কেউ বলছে সরকার আজ বিপক্ষদের ফাঁদে—
ফেলার জন্য নির্বাচনের মায়াকান্না কাঁদে।
‘প্রার্থী হতে প্রকাশ্যে আয় ভরব কারাগারে’
কার মনে কি আছে রে ভাই কেউ বলতে পারে!
কেউ বলছে ভোট যদি হয় নিরপেক্ষ এবার
বিপক্ষরা জিতেই যাবে ‘লাক’ করবে ‘ফেবার’।
এটা বুঝে সরকার আজ ফাটা বাঁশের চিপায়—
আটকে গেছে, মাফ পাবে কি জনগণের কৃপায়?
চায়ের কাপে ঝড় তোলে কেউ নির্বাচনী ফাঁদের
‘ময়না যাবে বাঁধন কেটে এবার অনেক সাধের।’
এই চিন্তায় কারও কারও ঘুম হচ্ছে হারাম
ছয়টি বছর করল যারা আয়েশ এবং আরাম।
কার ফাঁদে কে আটকে গেল কে যে নাটের গুরু
সকাল দুপুর ভাবতে গিয়ে কোঁচকাল দুই ভুরু।
কে শিকারি? কে বা শিকার? যাচ্ছে না আজ বোঝা
একটা খায়েশ—‘চাই ক্ষমতা’ এই কথাটা সোজা।
ফাঁদ পেতেছে কার জন্য পড়ল কারা ধরা
এটা নিয়ে এই সারওয়ার লিখেছে এক ছড়া।