
হ্যাঁ, ভাবার আছে দেশটা নিয়ে। অনেক অনেক সমস্যা, তার চেয়ে বেশি সম্ভাবনা। কিন্তু সবাই শুধু ভাবলেই কি হবে? কেউ যদি এগিয়ে না আসেন, আদৌ কি হবে দেশের সমস্যাগুলোর সুরাহা? আর এগিয়ে আসার প্রক্রিয়ায় সবার আগে পা বাড়াবে তরুণ দল। তবেই না হবে টেকসই উন্নয়ন। এই ভাবনা থেকেই ঢাকার ইস্কাটনে ডেমোক্রেসিওয়াচের আঙিনায় গত ২২ ফেব্রুয়ারি সকালে এক-দুজন করে জড়ো হচ্ছিলেন ওঁরা। চোখের আলোয় ঝলমল করে ওঠা স্বপ্নই বলে দিচ্ছিল, ওঁরা দেশের জন্য নিজে কিছু করতে চান, হতে চান অ্যাকটিভ সিটিজেন। হ্যাঁ, ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত অ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডারশিপ কোর্সের তরুণ নেতাদের কথাই বলছিলাম।
এই যেমন ইডেন কলেজ থেকে এসেছেন লিজা ও জয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তিথি, রাজীব, মেহজাবিন, ফারহান, প্রত্যয়, হুমায়রা, সুমাইয়াসহ ১৪ জন। জুবায়ের এসেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। এর বাইরে যোগ দিয়েছেন তরুণ পেশাজীবীদের কেউ কেউ।
চার দিনের মোটিভেশন প্রশিক্ষণে এই তরুণেরা বারবার ঝালিয়ে নিয়েছেন নিজেদের। নিজের এলাকার সমস্যাগুলো চিহ্নিত করেছেন, আর সেই সমস্যা সমাধানের জন্য নিজেরাই সাজিয়েছেন প্রজেক্ট।
শুধু শেখাই নয়, নিজেদের বানানো প্রকল্প অন্তত ছয় মাস বাস্তবায়ন করার পর ব্রিটিশ কাউন্সিলের যাচাইবাছাই শেষে আছে আন্তর্জাতিক শিক্ষাসফর। বিশ্বের আরও ২২টি দেশের অ্যাকটিভ সিটিজেনদের সঙ্গে নিজের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ। প্রজেক্ট কো-অর্ডিনেটর ফাতেমাতুল বতুল বললেন, সম্ভাবনা তো আছে সবার মধ্যেই, কিন্তু সুযোগ সবাই পায় না। যারা নিজেদের প্রকল্প করে অন্তর দিয়ে, আর প্রস্তুত থাকে যেকোনো পরিশ্রমের জন্য।
ব্রিটিশ কাউন্সিলের সোসাইটি অংশের প্রজেক্ট কো-অর্ডিনেটর রুবাইয়া মঞ্জুর বলেন, ‘২০০৯ থেকে এই পর্যন্ত ১৬ হাজারেরও বেশি ইয়ুথ লিডার তৈরি করেছে ব্রিটিশ কাউন্সিল। আমরা দেখেছি, এ দেশের অসংখ্য তরুণ নিজের কমিউনিটির জন্য কাজ করতে চান, কিন্তু তাঁরা জানতেন না এ বিষয়ে কারা দক্ষতা উন্নয়ন করে, আর এমন কাজের প্ল্যাটফর্মই বা কোথায়। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতের চেঞ্জমেকাররা উঠে আসবে এদের মধ্য থেকেই।’
উল্লেখ্য, ডেমোক্রেসিওয়াচ ছাড়াও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই প্রক্রিয়ায় জড়িত আছে সিসিডি, এমএমসি, জাগো ফাউন্ডেশন, সুশীলন, দ্য হাঙ্গার প্রজেক্ট, উত্তরণ, ভিএসও ও ওয়েভ ফাউন্ডেশনের তরুণেরা।