ওএলইডি টিভি বানাবে সনি, প্যানাসনিক (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলসিডি, প্লাজমা এবং এলইডির পর টেলিভিশন-প্রযুক্তির ক্ষেত্রে সর্বশেষ যে প্রযুক্তিটি নিয়ে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে তার নাম, ওএলইডি বা অর্গানিক লাইট-এমিটিং ডায়োড। সম্প্রতি বাজারে ৫৫ ইঞ্চি মাপের ও ৪ মিলিমিটার পুরুত্বের ওএলইডি টেলিভিশন আনার ঘোষণা দিয়েছে স্যামসাং ও এলজি।এ দুটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ক্রমশ পিছিয়ে পড়ছিল প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি ও প্যানাসনিক। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সনি ও প্যানাসনিক ওএলইডি টেলিভিশন তৈরির পরিকল্পনা করেছে। অবশ্য ওএলইডি প্রযুক্তির ক্ষেত্রে সনি নতুন কোনো প্রতিষ্ঠান নয়। ২০০৭ সালে সনিই সর্বপ্রথম ওএলইডি টেলিভিশন তৈরি শুরু করেছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে মন্দার কারণে এ টেলিভিশনের উত্পাদন বন্ধ রেখেছিল প্রতিষ্ঠানটি। গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস জানিয়েছে, ২০১৫ সাল নাগাদ ওএলইডি টিভির বিক্রি বেড়ে যাবে। এ বছর মাত্র ৩৪ হাজার ইউনিট ওএলইডি টিভি বিক্রির লক্ষ্য মাত্রা থাকলেও ২০১৫ সাল নাগাদ ২১ লাখ টিভি বিক্রি হবে। আর টিভির ক্ষেত্রে এলজি ও স্যামসাংয়ের পাশাপাশি সনি, প্যানাসনিক ও শার্প বাজারে ভালো অবস্থান দখল করবে বলেই বাজার বিশে্লষকেরা আশা করছেন।