ওএলইডি তৈরির নতুন কারখানা স্থাপন করছে এলজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৮ সাল থেকে নতুন কারখানায় ওএলইডি তৈরি শুরু করবে এলজি। ছবি: রয়টার্সের সৌজন্যে।
২০১৮ সাল থেকে নতুন কারখানায় ওএলইডি তৈরি শুরু করবে এলজি। ছবি: রয়টার্সের সৌজন্যে।

ওএলইডি বা অর্গানিক লাইট-এমিটিং ডায়োড তৈরিতে বিশাল বিনিয়োগের পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ার এলজি ডিসপ্লে। আলট্রা-ক্লিয়ার ডিসপ্লের ব্যবসাকে ভবিষ্যতে বড় ধরনের ব্যবসা হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে ৮৭১ কোটি মার্কিন ডলার খরচ করে বিশাল একটি ওএলইডি তৈরির কারখানা তৈরি করবে প্রতিষ্ঠানটি। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পাজোতে পি ১০ নামের এই কারখানায় ২০১৮ সাল থেকে উৎপাদন শুরু হবে। এখানে টিভি, মনিটর, স্মার্টফোন থেকে শুরু করে সব ধরনের ওএলইডি স্ক্রিন তৈরি হবে। এ ছাড়াও স্মার্টওয়াচ ও গাড়ির জন্য নমনীয় ওএলইডি ডিসপ্লেও তৈরি হবে এ কারখানায়।
নাম প্রকাশ না করে এলজির সূত্রের বরাতে জাপানের নিককেই এশিয়ান রিভিউ জানিয়েছে, ২০১৮ সালে অ্যাপলের আইফোনের জন্য যে ডিসপ্লের দরকার হবে, এর কথা মাথায় রেখে এ কারখানা তৈরি করছে এলজি।

বর্তমানে এলজি ইলেকট্রনিকস ও এর অঙ্গপ্রতিষ্ঠান এলজি ডিসপ্লে টিভির ওএলইডি ডিসপ্লেতে অধিক বিনিয়োগ করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে ওএলইডি ডিসপ্লেযুক্ত টিভির দামও কমিয়েছে এলজি।
বাজার গবেষকেরা বলছেন, এশিয়ার টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠানগুলো নতুন ডিসপ্লে প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করতে চেষ্টা করছে। আলট্রা এইচডি রেজুলেশনের ভিডিও কনটেন্টের ঘাটতি থাকায় এবং অতিরিক্ত দামের এই ডিসপ্লেযুক্ত পণ্য মানুষকে কতটা আকৃষ্ট করবে তা নিয়ে সংশয় থাকছে।