ওএস যখন অক্সিজেন

সাইনোজেন নয়, অক্সিজেন নিয়ে আসছে ওয়ান প্লাস। ওয়ান প্লাস ওয়ান স্মার্টফোনের কল্যাণে ওয়ান প্লাস ব্র্যান্ডটিকে এখন অনেকেই চেনেন। চীনের এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি সাশ্রয়ী দামে ‘ফ্ল্যাগশিপ কিলার’ ফোন নির্মাতা হিসেবে পরিচিত। ওয়ান প্লাসের তৈরি ফোনের একটি প্রধান আকর্ষণ ছিল এর অপারেটিং সিস্টেম বা ওএস। সাইনোজেন নামের এই ওএস হচ্ছে অ্যান্ড্রয়েডের বিশেষ কাস্টোমাইজড সংস্করণ। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
গত বছরে ওয়ান প্লাসের প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠান সাইনোজেন নির্ভর ফোন তৈরি শুরু করলে ওয়ান প্লাস ও সাইনোজেনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে দাঁড়ায়। ভারতে স্মার্টফোন বিক্রি বন্ধ হয়ে যায় ওয়ান প্লাসের। এরপরই অ্যান্ড্রয়েডভিত্তিক নিজস্ব ওএস তৈরি শুরু করে ওয়ান প্লাস। নতুন এই মোবাইল অপারেটিং সিস্টেমটির নাম ‘অক্সিজেন ওএস’।
এক ব্লগ পোস্টে ওয়ান প্লাস জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি উন্মুক্ত করা হবে অক্সিজেন। এটি হবে উন্মুক্ত, কাস্টোমাইজ করার সুবিধাসম্পন্ন ও অপ্রয়োজনীয় ফিচার মুক্ত।