ওজন কমাবেন ধীরে, না দ্রুত?

আপনার ওজন একটু বেশিই বেড়ে গেছে। তা কমাতে চান। কিন্তু ভাবছেন, দ্রুতগতিতে কমাবেন, নাকি ধীরে ধীরে। এ ক্ষেত্রে প্রচলিত একটি ধারণা হলো, যত দ্রুতগতিতে শরীরের ওজন কমে, ঠিক তত দ্রুতই তা আবার বৃদ্ধি পায়। আর ধীরগতিতে দীর্ঘদিন ধরে ওজন কমালে, তা বৃদ্ধি পেতেও অনেক সময় নেয়। কিন্তু এই ধারণা ঠিক নয়। এটি আসলে একটি মিথ। রূপকথার গল্পের মতো, বাস্তবে তা সত্য নয়। অস্ট্রেলীয় একদল গবেষক এই দাবি করেছেন।
অস্ট্রেলীয় গবেষকেরা বলছেন, যে গতিতেই—দ্রুত কিংবা ধীর—ওজন কমানো হোক না কেন, তা আবার একই হারে বাড়তে থাকে। গবেষণাপত্রটি দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এনডোক্রিনোলজি সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক যোশেফ প্রোইয়েত্তোর নেতৃত্বে পরিচালনা করা হয় ওই গবেষণা। এতে ২০৪ জন স্থূলকায় নারী ও পুরুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করা হয়। একটি দলের সদস্যদের শরীরের ওজন কমানোর জন্য রাখা হয় ১২ সপ্তাহের প্রকল্পে। অন্য দলটিকে অন্তর্ভুক্ত করা হয় ৩৬ সপ্তাহের প্রকল্পের আওতায়। প্রথম দলটিকে প্রতিদিন গড়ে ৪৫০ থেকে ৮০০ ক্যালরির খাদ্য গ্রহণের কড়াকড়ি আরোপ করা হয়। দ্বিতীয় দলটির জন্য বেঁধে দেওয়া হয় ৫০০ ক্যালরি। দুটি দলে যাঁদের শরীরের সাড়ে ১২ শতাংশ কিংবা এর বেশি ওজন কমেছে, তাঁদের তিন বছর ধরে নিয়ম মেনে খাদ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়। এই সময়ের পর আবার দেখা যায়, তাঁদের প্রত্যেকের এর আগে কমে যাওয়া ওজনের প্রায় ৭১ শতাংশ আবার বৃদ্ধি পেয়েছে। খালিজ টাইমস|