ওডেস্ক অ্যান্ড আউটসোর্সিং\ লেখক: মো. মিজানুর রহমান\ দাম: ৪০০ টাকা\ পৃষ্ঠা: ৫০৪\ প্রকাশনী: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা\বর্তমানে সারা বিশ্বে ইন্টারনেটনির্ভর আউটসোর্সিং কাজ বেশ জনপ্রিয়। তবে আউটসোর্সিং করতে হলে যে বিষয়ে কাজ করতে চান, সেটি শেখা জরুরি। কাজটি শেখার পাশাপাশি কীভাবে কাজ পাবেন, অনলাইন মার্কেটপ্লেস কী, সেখান থেকে কাজ কীভাবে পেতে হয়, কাজ কীভাবে সম্পন্ন করতে হয়—সেসবও জানতে হবে। আউটসোর্সিংয়ের কাজ দেওয়া-নেওয়ার সবচেয়ে বড় ওয়েবসাইট (মার্কেটপ্লেস)। ওডেস্কের নানা তথ্য পাওয়া যাবে ওডেস্ক অ্যান্ড আউটসোর্সিং বইতে। লিখেছেন মো. মিজানুর রহমান। বইতে আউটসোর্সিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে।বইতে ১৫টি অধ্যায়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে ওডেস্ক অ্যান্ড আউটসোর্সিংয়ের নানা বিষয়। প্রতিটি অধ্যায়ের বিষয়ের সঙ্গে রয়েছে আউটসোর্সিংয়ের কাজের প্রয়োজনীয় ছবি ও বর্ণনা। এর মাধ্যমে জানা যাবে আউটসোর্সিংয়ের প্রাথমিক ধারণা, ওডেস্কের প্রাথমিক ধারণা, অনলাইনে কাজের বর্ণনা, আউটসোর্সিংয়ের নামে প্রতারণা, ইন্টারনেটে প্রতারণা, আউটসোর্সিংয়ে বৈদেশিক মুদ্রা আয়, অর্থ পাওয়ার নিশ্চয়তা, আউটসোর্সিংয়ে বাংলাদেশের অবস্থান, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আউটসোর্সিং করার কারণ ইত্যাদি। এ ছাড়া জানা যাবে ফ্রিল্যান্স কী, ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সি, দেশব্যাপী ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধি, কেন ফ্রিল্যান্স, কী কী জানতে হবে, কোথায় শিখবেন—এই সম্পর্কেও। বইয়ের সঙ্গে বিনা মূল্যে রয়েছে একটি সিডি। সিডিতে বইয়ে দেখানো বিভিন্ন প্রকল্প ও সফটওয়্যার পাওয়া যাবে। —রাহিতুল ইসলাম