ওপেন এসএসএলের ত্রুটি সারাতে সম্মিলিত উদ্যোগ
সম্প্রতি প্রযুক্তি দুনিয়ায় আলোচিত ওপেন সোর্সভিত্তিক প্রটোকল ‘ওপেন সোর্স ক্রিপটোগ্রাফি লাইব্রেরির (ওপেন এসএসএল)’ ত্রুটির সমাধান করতে একসঙ্গে যুক্ত হয়েছে শীর্ষ সব প্রযুক্তি প্রতিষ্ঠান। ‘হার্টব্লিড’ নামের এ সফটওয়্যার ত্রুটির (বাগ) কারণে ব্যবহারকারীদের তথ্য চুরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর এ আশঙ্কা থেকে রক্ষা পেতে এবং এই ত্রুটির সমাধান করতে এবার লাখ লাখ ডলার খরচ করতে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত ই-কমার্স সাইট আমাজন, নেটওয়ার্ক পণ্য নির্মাতা সিসকো সিস্টেমস, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক, বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল, কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান আইবিএম, চিপ নির্মাতাপ্রতিষ্ঠান ইন্টেল এবং সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট। এর সঙ্গে আছে আরও বেশ কয়েকটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। ইতিমধ্যে এ প্রতিষ্ঠানগুলো একসঙ্গে তিন লাখ ডলার অনুদান দিয়ে একটি উদ্যোগ চালু করেছে।
পুরো ত্রুটি সুরক্ষার ক্ষেত্রে অলাভজনক সংস্থা লিনাক্স ফাউন্ডেশন বিশেষ একটি নিরাপত্তা বিশেষজ্ঞ দল তৈরির ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে লিনাক্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিম জেমলিন বলেন, ‘সেরা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ মুক্ত সফটওয়্যারের এ সমস্যা সমাধানে যেমন সহায়তা করতে সক্ষম, তেমনি বিশ্ব তথ্যপ্রযুক্তির অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখবে এ বিশেষ অনুদান।’ মূলত এ ত্রুটির মাধ্যমে ওপেন এসএসএল ব্যবহারের করে যেসব মাধ্যমে ওয়েবাসাইট চালিত হয়, সেসব মাধ্যমের তথ্য চুরি করতে পারে সাইবার অপরাধীরা। মোবাইল ফোন, ওয়েবসাইট, সার্ভার, নেটওয়ার্কও হ্যাক হতে পারে এ মাধ্যমে। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে নুরুন্নবী চৌধুরী