ওবামা যে কারনে আইফোন ব্যবহার করেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবামা ও আইফোন
ওবামা ও আইফোন

জনপ্রিয়তার তুঙ্গে থাকা অ্যাপল মার্কিন প্রতিষ্ঠান হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যবহার করেন কানাডার তৈরি জনপ্রিয়তা কমে আসা ব্ল্যাকবেরির স্মার্টফোন। কারণ আইফোন ব্যবহারের অনুমতি নেই তাঁর! ২০০৯ সাল থেকেই ব্ল্যাকবেরির স্মার্টফোন ব্যবহার করছেন তিনি। সম্প্রতি তরুণদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বারাক ওবামা জানালেন তাঁর স্মার্টফোন ব্যবহার সম্পর্কিত কিছু তথ্য।

বারাক ওবামা জানিয়েছেন, মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের তৈরি আইফোন ব্যবহারের অনুমতি নেই তাঁর। নিজের নিরাপত্তার খাতিরে তিনি আইফোন ব্যবহার করেন না। অবশ্য আইফোন ব্যবহার না করলেও বারাক ওবামা আইপ্যাড ব্যবহার করেন। আইফোন ব্যবহার না করলেও তিনি অনেক সচেতনভাবে ব্ল্যাকবেরি ব্যবহার করেন বলে জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে, জর্জ ডব্লিউ বুশ কিংবা বিল ক্লিনটন প্রেসিডেন্ট থাকাকালীন যেখানে ব্যক্তিগত মেইল অ্যাড্রেস ব্যবহার করতেন না সেখানে বারাক ওবামার ব্যক্তিগত মেইল অ্যাড্রেস ১০ জনের কাছে আছে।

আইফোন ব্যবহারে নিরাপত্তা নিয়ে বারাক ওবামার স্বীকারোক্তি কী অন্য কোনো অর্থ বহন করে? এর আগে মার্কিন গোয়েন্দাবাহিনীর কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেন তথ্য ফাঁস করে বলেছিলেন, মার্কিন গোয়েন্দারা সরাসরি অ্যাপলের সার্ভার থেকে তথ্য সংগ্রহ করে। অ্যাপল এ অভিযোগ অস্বীকার করেছিল।

এদিকে, বারাক ওবামার মতো স্মার্টফোন ব্যবহারকারী থাকা স্বত্বেও স্মার্টফোন বাজারে ধুঁকছে রিসার্চ ইন মোশন থেকে নাম বদলে ব্ল্যাকবেরিতে রূপান্তরিত প্রতিষ্ঠানটি। বর্তমানে স্মার্টফোনের বাজারে ঘুরে দাঁড়াতে নতুন পরিকল্পনা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।