চার বছর ধরে নকিয়ার সঙ্গে যুক্ত আছে ওভি ব্র্যান্ডটি। এবার সেই সম্পর্ক ভেঙে যাচ্ছে। এত দিন ধরে শীর্ষ মোবাইল ফোনসেট নির্মাতা নকিয়া গান, গেমস ও বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিক্রির জন্য ওভি ব্র্যান্ডটি ব্যবহার করে আসছিল। গত পরশু সোমবার নকিয়ার ওভি ব্লগের সম্পাদক পিনো বোনেত্তি জানালেন, কয়েক দিনের মধ্যেই ওভির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করবেন তাঁরা। তিনি লিখেছেন, ‘এই পরিবর্তনের প্রধান কারণ, আমরা চাইছি, ভবিষ্যৎ পরিকল্পনা সফল করতে নকিয়া নিজেই ব্র্যান্ড হিসেবে হাজির হোক।’ বোনেত্তি আশ্বস্ত করেছেন, এ পরিবর্তন কেবল নামেই সীমাবদ্ধ থাকবে এবং গ্রাহক আরও উন্নত সেবা পাবে।শুরু থেকেই ওভি ব্র্যান্ড নিয়ে নেতিবাচক কথা শোনা গিয়েছিল বিশ্লেষক ব্যক্তিদের কাছ থেকে। তাঁদের মতে, অ্যাপলের অ্যাপ স্টোর ও আই টিউনসের কাছে ওভি নস্যি মাত্র। তার পরও ২০১১ সালে পৃথিবীজুড়ে ওভি থেকে প্রতিদিন গড়ে পাঁচ মিলিয়ন ভার্চুয়াল পণ্য বিক্রি হয়েছে।তবে বাজার বিশ্লেষকেরা বলছেন, ওভির সঙ্গে নকিয়ার সম্পর্ক চুকিয়ে ফেলার পেছনে বড় কারণ আছে। কারণটি হলো, গেল ফেব্রুয়ারিতে তারা মাইক্রোসফটের সঙ্গে একটি চুক্তি করেছে। যেখানে বলা আছে, সামনে নকিয়া তাদের স্মার্ট ফোনে অনায়াসে উইন্ডোজ ব্যবহার করতে পারবে। নকিয়া চাইছে, তাদের ভবিষ্যতের সব পণ্যেই শুধু তাদের নিজেদের নামটিই যুক্ত থাকুক। এ ছাড়া সহজ অপারেটিং সিস্টেমসমৃদ্ধ হ্যান্ডসেট উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। বাজারে দীর্ঘদিন ধরে শীর্ষ স্থানটি দখল করে রাখলেও নকিয়ার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে অন্য কয়েকটি প্রতিষ্ঠান, বিশেষ করে স্যামসাংয়ের নাম উল্লেখযোগ্য। অ্যাপলের আইফোন এবং গুগলের অ্যানড্রয়েডচালিত ডিভাইসও আছে প্রতিযোগীদের তালিকায়। ২০১০ সালে বিশ্ববাজারে নকিয়ার শেয়ার ছিল ৩৩ শতাংশ, ২০১১ সালের এপ্রিলে এসে সেটা নেমেছে ২৯ শতাংশে। এ ছাড়া স্মার্ট ফোনের বাজারেও নিম্নমুখী নকিয়া। ২০০৯ সালে বিশ্ববাজারে তাদের শেয়ার ছিল ৫৭ শতাংশ, এ বছর সেটা নেমেছে ২০ দশমিক ৮ শতাংশে। —বিবিসি অবলম্বনে মাহফুজ রহমান