ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা বিপদে

ওয়াডপ্রেস দিয়ে তৈরি হাজারো ওয়েবসাইট ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়েছে। ওই ওয়েবসাইটগুলো থেকে ম্যালওয়্যার ছড়ানোর জন্য গুগল কালো তালিকাভুক্ত করেছে সাইটগুলো।
বিশ্লেষকেরা বলছেন, সোকসোক নামের এই ম্যালওয়্যারটি থার্ড-পার্টির প্লাগইনের মাধ্যমে ছড়িয়েছে। এই ম্যালওয়্যারের কারণে ১১ হাজার ওয়ার্ডপ্রেস সাইটকে কালো তালিকাভুক্ত করেছে গুগল।
ওপেনসোর্স কনটেন্ট ব্যবস্থাপনার টুল হিসেবে ওয়ার্ডপ্রেস বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার। ২০১৩ সালের আগস্ট মাসের হিসাব অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০০ কোটি সাইটের মধ্যে ২৩.২ শতাংশ ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি।
প্রযুক্তি-বিশ্লেষকেরা বলছেন, ওয়ার্ডপ্রেস সাইটে যাঁরা থার্ড পার্টির প্লাগইন স্লাইডার রেভ্যুলিউশন ব্যবহার করছেন, তাঁদের সাইট হ্যাক করেছে দুর্বৃত্তরা এবং সাইটে ক্ষতিকর কোড দিয়ে দিয়েছে। যাঁরা ওই ওয়েবসাইটগুলোতে যাচ্ছেন, তাঁরাও ম্যালওয়্যারে আক্রান্ত হচ্ছেন।
ওই প্লাগইনটির নির্মাতা প্রতিষ্ঠান থিম পাঞ্চ জানিয়েছে, এ বছরের ফেব্রুয়ারি থেকেই তাদের প্লাগইনটির দুর্বলতার বিষয়টি জানা ছিল। কিন্তু আগে থেকে তারা এ বিষয়ে কিছুই জানায়নি। এর পরিবর্তে তারা নিরাপত্তা আপডেট তৈরি করছিল। সাম্প্রতিক এই ম্যালওয়্যার ছড়ানোর ঘটনায় ক্ষমা চেয়েছে থিমপাঞ্চ এবং ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের নিরাপত্তা আপডেট হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দিয়েছে।