ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে হলো তথ্যপ্রযুক্তি উৎসব
রাজধানীর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ডব্লিউইউবি) শেষ হলো তথ্যপ্রযুক্তি উৎসব। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দুই দিনের এ আয়োজনে ছিল বিতর্ক ও গেমস প্রতিযোগিতা, ফায়ারফক্স, বাংলা উইকিপিডিয়া ও মুক্ত সফটওয়্যার নিয়ে কর্মশালা এবং প্রকল্পও প্রযুক্তিপণ্য প্রদর্শনী ইত্যাদি।
শুক্রবার উৎসবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ-প্রযুক্তিসচিব নজরুল ইসলাম খান। এ সময় বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, ডব্লিউইউবির উপাচার্য আবদুল মান্নান, সিএসই বিভাগের সমন্বয়ক কাজী হাসানসহ অনেকে। উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। উৎসবের প্রথম দিন ফায়ারফক্স ওএস নিয়ে কর্মশালা পরিচালনা করেন মজিলা প্রতিনিধি রাহিদ হাসান।
গতকাল শনিবার উৎসবের শেষ দিনে অনুষ্ঠিত হয় বাংলা উইকিপিডিয়া ও মুক্ত সফটওয়্যার কর্মশালা। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) এবং ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্ক (ওকেএফএন) বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় উইকিপিডিয়ার নিবন্ধ যোগ করার পদ্ধতি, ছবি যোগ করার পদ্ধতি, নতুন তথ্য ও তথ্যসূত্র যোগ করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মুক্ত সফটওয়্যার ব্যবহার, উইকিমিডিয়া কমন্সে ছবি যোগ করার পদ্ধতি, ওপেন নলেজ ইত্যাদি বিষয়েও বিস্তারিত আলোচনা হয় কর্মশালায়। এটি পরিচালনা করেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাসির খান এবং ওকেএফএনের বাংলাদেশ অ্যাম্বাসেডর নুরুন্নবী চৌধুরী। —নিজস্ব প্রতিবেদক