
সিএসএস ৩ লেখক: মিজানুর রহমান দাম: ৩৫০ টাকা পৃষ্ঠা: ৪১৯ প্রকাশনী: জ্ঞানকোষ প্রকাশনী ঢাকা।
বর্তমানে ডায়নামিক কোন ওয়েবপেজ আকর্ষণীয় করে তুলতে সিএসএস ব্যবহার করতে হয়। ক্যাসকেডিং স্টাইল শিটে (সিএসএস) যেখানে এইচটিএমএল ফাইলের সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। নানা ধরনের ডিজাইন ব্যবহার করে সিএসএসের মাধ্যমে ওয়েবপেজকে দৃষ্টিনন্দন করে তোলা সম্ভব। এর নানা ধরনের কাজ শিখে যে কেউ দারুণ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সিএসএসের এমন নানা বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে সিএসএস ৩ বইটি। লিখেছেন মো. মিজানুর রহমান। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। বইটিতে সিএসএস সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি পেশাদারিদের কাজের বিভিন্ন উপায়ের বর্ণনা করা হয়েছে। ওয়েবপেজ ডিজাইন, ওয়েবপেজ লে-আউট ডিজাইন, বিভিন্ন ব্রাউজারে সমানভাবে কাজ করার অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। বইতে ৩৮টি অধ্যায়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে সিএসএস ৩ দিয়ে কী কী করা যায় এমন বিষয়ে বিস্তারিত বর্ণনা। প্রতিটি অধ্যায়ে বিষয় ও প্রকল্পের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ছবি। এর মধ্যে রয়েছে ওয়েব ডিজাইন কী, তা সম্পর্কে ধারণা, ওয়েবসাইট বা ওয়েবপেজ সম্পর্কে জান, সিএসএস কী, কেন সিএসএস ব্যবহার করব, এইচটিমেল কী, এইচটিমেল ফাইল তৈরি করা, ভিডিও, গান অথবা অন্য যেকোনো ফাইল ব্যবহার, আউট লাইন কী, আইডি ব্যবহারের নিয়ম ইত্যাদির বর্ণনা। বই পড়ার পাশাপাশি কাজের অভিজ্ঞতার জন্য বইটির সঙ্গে রয়েছে সিডি। ওয়েবসাইট ডিজাইন শিখতে আগ্রহীদের বইটি সাহায্য করবে। —রাহিতুল ইসলাম