ওয়েব রাঙিয়ে বেঁচে থাকবে রেবেকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেবেকা আইয়ার মেয়ার
রেবেকা আইয়ার মেয়ার

রেবেকা এলিসন মেয়ারের পছন্দের রং যা পার্পলেরই একটু এদিক-সেদিক, সেটিকে আনুষ্ঠানিকভাবে রেবেকার নামে নামকরণ করেছে ইন্টারনেট-জগত্। এখন থেকে ওয়েব ডিজাইনাররা ইচ্ছে করলেই তাঁদের ডিজাইনে রেবেকাপার্পল রং ব্যবহার করতে পারবেন।

ইন্টারনেটকে যারা আজকের অবস্থানে নিয়ে এসেছেন, তাঁরা প্রায় সবাই এরিক মেয়ারের নাম জানেন। ওয়েবসাইটের লে-আউট ও ফরম্যাটিংয়ের জন্য ব্যবহার করা হয় যে সিএসএস বা ক্যাসকেডিং স্টাইল শিট; তার অন্যতম রূপকার এরিক মেয়ার। রেবেকা তাঁরই অকালপ্রয়াত ছোট্ট মেয়েটি। এরিক তাঁর সহমর্মিতা, সহযোগিতা এবং জ্ঞানবিনিময়ের উদারতার কারণে ইন্টারনেট সম্প্রদায়ের কাছে অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি করা একাধিক ব্রাউজারের মধ্যেও সিএসএসের যেন আদর্শ মান বজায় থাকে এরিক তার জন্য নিরন্তর কাজ করে চলেছেন। অন্যান্য অনেক ইন্টারনেট-গুরুর মতো এরিক সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও সক্রিয়। এরিক ও ক্যাথারিন দম্পতির সন্তানদের মধ্যে ছোট মেয়েটির ক্যানসার ধরা পড়ার পর থেকে তার চিকিত্সা, ভালো লাগা সবই এরিক শেয়ার করেছেন তাঁর ভক্ত, সহকর্মী ও বন্ধুদের সঙ্গে। অচিরেই সবাই জেনে যান রেবেকাকে, তার বাবা যাকে আদর করে ডাকেন বেকা, রেবেকার প্রিয় রং একটি বিশেষ ধরনের নীলচে-বেগুনি, যা পার্পল রঙেরই একটি বিশেষ রূপ। কম্পিউটারের ভাষায় এর কোড নম্বর হলো ৬৬৩৩৯৯।

রেবেকা তার ষষ্ঠ জন্মদিনে, ৭ জুন মারা যায়। যেকোনো শিশুর মৃত্যুই বেদনাদায়ক। ক্যানসারে তার মৃত্যু এরিকের বন্ধু, সহকর্মী ও  ইন্টারনেট সম্প্রদায়ের লাখো ভক্তকে আকুল করে তোলে। তাঁরা রেবেকার ছোট্ট জীবনকে স্মরণীয় করার জন্য বিভিন্ন উপায় খুঁজতে শুরু করেন। কেউ কেউ দাতব্য কাজের জন্য অর্থ দেওয়ার কথা ভেবেছেন, কেউ ভেবেছেন রেবেকার পছন্দের রঙের পোশাক পরে তার শেষকৃত্যে যোগ দেবেন।

রেবেকাপার্পল
রেবেকাপার্পল

বিষয়টিকে আরও এগিয়ে নেওয়ার প্রস্তাব দেন এরিকের সহকর্মী জেফরি জেল্ডম্যান। তিনি প্রস্তাব করেন রেবেকার শেষকৃত্যের দিন (১২ জুন) যাঁরা তাকে স্মরণ করতে চান তাঁরা #৬৬৩৩৯৯বেকা এই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ৬৬৩৩৯৯ হলো ওয়েব ডিজাইনে পার্পলের একটি বিশেষ শেডকে প্রকাশের কোড। এটি হেক্সা-ডেসিমেল (১৬-ভিত্তিক সংখ্যা) পদ্ধতিতে লেখা।

জুনের ১২ তারিখে হ্যাশট্যাগটির মেয়াদ শেষ হয়। কিন্তু অনেকেই তাদের টুইটার ও ফেসবুকের প্রোফাইলকে এই রঙে রাঙিয়ে রাখেন। বেশ কিছু ওয়েবসাইট তাদের হোমপেজের নেপথ্য রং হিসেবে এই রংটিকে বেছে নেন।

এসবের মধ্যে রেবেকার পছন্দের রংটি বাঁচিয়ে রাখার আরও একটা পথ পেয়ে যান সবাই। সিএসএসের ওয়েব-আদর্শ মানে সব রংকে তিনটি সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। দশমিক পদ্ধতিতে এটি হয় ০-২৫৫ ও হেক্সাডেসিমেল বা ১৬-ভিত্তিক পদ্ধতিতে এটি ০০-এফএফ। তবে, এর বাইরেও প্রত্যেকটি রং সবার বোধগম্য। যেমন লাল, বেগুনি, ক্রিমসন, সায়ান, ব্রাউন ইত্যাদি। সে চিন্তা থেকে এরিকের কয়েকজন সহকর্মী  ও বন্ধু প্রস্তাব করেন কোড ৬৬৩৩৯৯ কে বলা হোক বেকাপার্পল। কারণ এরিক তাঁর মেয়েকে আদর করে বেকা ডাকতেন। এরিক মেয়ার বিষয়টি সম্মানের সঙ্গে গ্রহণ করে প্রস্তাব করেন, যদি নামটা গ্রহণই করা হয় তাহলে তা যেন হয় রেবেকাপার্পল। এরিক জানান, মৃত্যুর সপ্তাহ খানেক আগে রেবেকা তার আদরের নাম বেকার পরিবর্তে রেবেকা নামে পরিচিত হতে ইচ্ছে প্রকাশ করেছিল। এরপর রেবেকা নাম নিয়ে ও মাত্র ১২ ঘণ্টা বেঁচে ছিল।

রেবেকার নামে রঙের নামের প্রস্তাব দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং ২১ জুন তারিখে এটি সব মহল কর্তৃক অনুমোদিত হয়। সিএসএস কমিটিতে মজিলা, অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের প্রতিনিধিরা তাঁদের ব্রাউজারে ওই নাম সংযোজন করতে সম্মত হওয়ায় সেটির সব আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।

আগামী দিনগুলোতে কোনো ওয়েব ডিজাইনার ওই রং ব্যবহার করতে চাইলে কোড ৬৬৩৩৯৯ লিখলেই হবে। তবে ইচ্ছে করলে রেবেকার জন্য তা রেবেকাপার্পলও লেখা যাবে।