ওয়েবসূচকে বাংলাদেশ ৮৬তে ৬৩

ইন্টারনেট স্বাধীনতা কিংবা ইন্টারনেটকে কাজে লাগিয়ে প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে খুব বেশি এগোয়নি বাংলাদেশ। ওয়েব ইনডেক্সে বাংলাদেশ এবার ৮৬টি দেশের মধ্যে ৬৩তম স্থানে রয়েছে। ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর মাত্র ২৮। ১০ ডিসেম্বর ২০১৪-১৫ সালের ওয়েব ইনডেক্স প্রকাশ করেছে ওয়েবের জনক টিম বার্নার্স-লির প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন। ইন্টারনেটের ফলপ্রসূ ব্যবহারের মাধ্যমে বৈশ্বিক উন্নয়ন ও মানবাধিকার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিবেচনা করে এই ইনডেক্স প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তৃতীয়বারে মতো এই ইনডেক্স প্রকাশিত হলো।

২০১৩ সালের ইনডেক্সে ৮১টি দেশের মধ্যে ৬৪তম স্থান পেয়েছিল বাংলাদেশ। ২০১২ সালের ইনডেক্সে ৬১টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ছিল ৫৫। এবারের ইনডেক্সে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ৪৪.৬০ স্কোর করে রয়েছে ৪৮তম স্থানে। ২৩.৯৫ স্কোর করে নেপাল রয়েছে ৬৯তম স্থানে, ১৭.৭৬ স্কোর নিয়ে পাকিস্তান রয়েছে ৭৬তম স্থানে। সর্বনিম্ন তিনটি অবস্থান ইয়েমেন, মিয়ানমার ও ইথিওপিয়ার।
ওয়েব ইনডেক্সের অন্যান্য সূচক হিসেবে বাংলাদেশ ইউনিভার্সাল অ্যাকসেস হিসেবে ৪৪.৪৩, প্রাসঙ্গিক কনটেন্ট ২০.৭৭, ইন্টারনেট স্বাধীনতা ৩৩.৭৬ এবং ক্ষমতায়নে ১৬.৮৫ স্কোর করেছে।
এবারের ইনডেক্স বিশ্বজুড়ে ইন্টারনেটের স্বাধীনতা খর্ব হওয়ার বিষয়টিই উঠে এসেছে। বিশ্বজুড়ে ইন্টারনেটে সরকারি নজরদারি বাড়ছে এবং ইন্টারনেটের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে এখন ৪০০ কোটিরও বেশি মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছেনি। কম খরচের ইন্টারনেট সুবিধাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ওয়েবের জনক টিম বার্নার্স-লি।
ওয়েব ইনডেক্সের লিংক http://thewebindex.org/