ওহটিশার্ট ডটকমের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-শার্টের নকশা ও কেনাকাটার সামাজিক যোগাযোগের মার্কেটপ্লেস (অনলাইন বাজার) হিসেবে যাত্রা শুরু করল ওহটিশার্ট ডটকম। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই মার্কেটপ্লেসটির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে উদ্যোক্তা সংস্থা প্রচিত আইটিএস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওহটিশার্ট ডটকমের পরিচালক বিন্দু জামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক শেখ মনির উদ্দিন ও প্রচিত আইটিএসের চেয়ারম্যান সাবিনা ইয়াসমীন।
বিন্দু জামাল বলেন, টি-শার্ট নকশা আর বিক্রির জন্য একই প্ল্যাটফর্মে এ ধরনের সোশ্যাল মার্কেটপ্লেস বা ওয়েবসাইট বাংলাদেশে প্রথমবারের মতো চালু করা হচ্ছে। দেশের নকশাকার (আর্টিস্ট) ও টি-শার্টপ্রেমী তরুণদের মধ্যে সৃষ্টিশীলতার বন্ধন তৈরি করতে পারবে এই প্ল্যাটফর্মটি। অনলাইনে এই সাইটে নকশাকারী তাঁদের নকশা করা টি-শার্ট জমা দিতে পারবেন। ক্রেতা এই নকশার মধ্যে থেকে পছন্দের নকশা বেছে নিয়ে সে টি-শার্টের ফরমায়েশ দিতে পারবেন। টি-শার্টের নকশার জন্য অর্থ পাবেন ওই নকশাকার।
অনুষ্ঠানে শেখ মনির উদ্দিন বলেন, শিল্পী ও তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ তৈরি করে দেওয়ার একটি দারুণ মাধ্যম হতে পারে এটি। এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
সাবিনা ইয়াসমীন প্রথম আলোকে বলেন, ‘যাঁরা নিজের পছন্দকে গুরুত্ব দেন, তাঁদের জন্য আমাদের এই উদ্যোগ। বাংলাদেশে টি-শার্টের জনপ্রিয়তা কথা ভেবেই নতুন এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এখান থেকে পছন্দ অনুযায়ী টি-শার্টের ফরমায়েশ যেমন জমা দেওয়া যাবে, তেমনি নিজের নকশা জমা দেওয়া যাবে।’ 

ওহটিশার্টের উদ্যোক্তারা বলেন, এই সাইটে নিবন্ধন করা যাবে বিনা মূল্যে। এখানে ব্যবসা করার জন্য অর্থ বিনিয়োগ করার প্রয়োজনও পড়বে না। নকশাকারের নকশা পছন্দ হলে তা তৈরি করে দিতে কাজ করবে ওহটিশার্ট। এই টি-শার্টের দাম হবে সাশ্রয়ী।
ওহটিশার্টের ওয়েবসাইটের লিংক (www.ohtshirt.com)