ওয়াই-ফাই ও জিপিএস নিয়ে নিকন ডি ৫৩০০

ক্যামেরা নির্মাতা নিকন প্রথমবারের মতো ডিএসএলআরের সঙ্গে ওয়াই-ফাই ও জিপিএস প্রযুক্তি সুবিধার ডি৫৩০০ মডেলের ক্যামেরা বাজারে আনার ঘোষণা দিয়েছে। ৮০০ মার্কিন ডলার দামের এ ক্যামেরাটি হবে ডি৫২০০ মডেলের আপডেট সংস্করণ।
নিকনের বরাতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, নিকনের নতুন সংস্করণের ডি৫৩০০ ক্যামেরায় ওয়াই-ফাই প্রযুক্তি যুক্ত হওয়ায় আলোকচিত্রীরা সহজে ছবি শেয়ার করতে পারবেন। ক্যামেরার সাহায্যে স্মার্টফোন, ট্যাবলেটে ছবি শেয়ারের পাশাপাশি সরাসরি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও আপলোড করা যাবে এবং ক্যামেরা থেকে মেইল করাও যাবে। এ ছাড়াও ওয়াই-ফাই ব্যবহার করে দূর থেকে ক্যামেরায় ছবি তোলা সম্ভব হবে।
ডি৫৩০০ মডেলের ক্যামেরার মাধ্যমে প্রথমবারের মতো ডিএসএলআর সিরিজে জিপিএস প্রযুক্তি যুক্ত করছে নিকন যা ছবিতে জিওট্যাগ বসাতে আলোকচিত্রীদের সাহায্য করবে। এ ক্যামেরাটির সাহায্যে ছবি তোলার পাশাপাশি ১৯২০ বাই ১০৮০ পিক্সেলে এইচডি মানের ভিডিওচিত্র ধারণ ও স্পেশাল ইফেক্ট যোগ করা যাবে।ক্যামেরায় প্রতি সেকেন্ডে ৫ ফ্রেম ছবি তোলা সম্ভব হবে।
১৬.৯ আউন্স ওজনের ক্যামেরাটিতে থাকছে ৩.২ ইঞ্চি মাপের এলসিডি মনিটর। এতে আইএসও সীমা হবে ১০ থেকে ১২ হাজার ৮০০ পর্যন্ত। ডি৫৩০০-এর আগের মডেল ডি৫২০০তে আইএসও ছিল ছয় হাজার ৪০০।
লেন্সবাদে ক্যামেরাটির দাম ৮০০ মার্কিন ডলার হলেও লেন্সসহ এর দাম পড়বে এক হাজার ৪০০ ডলার।