ওয়াই-ফাই নেটওয়ার্কের ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, হোটেল রেস্তোরাঁসহ জনসমাগম হয় এমন জায়গায় (পাবলিক প্লেস) বিনা মূল্যে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক থাকে। এটি দিয়ে ল্যাপটপ বা ট্যাবলেট কম্পিউটারে সহজেই ইন্টারনেট ব্যবহার করা যায়। নতুন অনেক ব্যবহারকারী জানেন না কীভাবে ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে ল্যাপটপ কম্পিউটারে ইন্টারনেট সংযুক্ত করতে হয়। অপারেটিং সিস্টেম উইন্ডোজ সাতের জন্য প্রথমে ল্যাপটপ কম্পিউটারের বিশেষ কি ব্যবহার করে ওয়াইফাই সেবা চালু করে নিন। এবার টাস্কবারের ঘড়ির পাশের ওয়্যারলেস আইকনে ক্লিক করুন। আশপাশে কোথাও ওয়াই-ফাই নেটওয়ার্ক সক্রিয় থাকলে স্বয়ংক্রিয়ভাবে তা খুঁজে নিয়ে তালিকায় সেটি দেখা যাবে। এখন কাঙ্ক্ষিত নেটওয়ার্কের নামের ওপর ক্লিক করে আবার Connect-এ ক্লিক করুন। সব নেটওয়ার্ক সবার জন্য উন্মুক্ত থাকে না। এখন ওই নেটওয়ার্ক যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে, তাহলে সেটির পাসওয়ার্ড এবং ইউজার নেম এখানে দেওয়ার প্রয়োজন হতে পারে। তাই পাসওয়ার্ড দেওয়া থাকলে সেটি নিজ দায়িত্বে জেনে নিন। এবার খুঁজে পাওয়া নেটওয়ার্কে পাসওয়ার্ড লিখুন। কোনো কোনো নেটওয়ার্কে ইউজার নেমও দেওয়ার প্রয়োজন হতে পারে। যেটি দরকার সেটি লিখে Connect-এ ক্লিক করলে ওয়াই-ফাই নেটওয়ার্ক সংযুক্ত হয়ে যাবে। এখন অনেক ওয়াই-ফাই নেটওয়ার্কই এনক্রিপ্টেড থাকে এবং উইন্ডোজ ফায়ারওয়াল চালু থাকলে সেখান থেকে ইন্টারনেটে ঢুকতে দেয় না। এ জন্য কন্ট্রোল প্যানেলের System and Security থেকে Windows Firewall এর ওপর বামের তালিকা থেকে Turn Windows Firewall on or off থেকে ফায়ারওয়াল বন্ধ করে দিলে ইন্টারনেট ব্যবহার করতে আর কোনো বাধা থাকবে না। কাজ শেষে উইন্ডোজ ফায়ারওয়াল চালু করে দিলে নিরাপত্তা নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। —মো. রাকিবুল হাসা